পরিবেশ ধ্বংস করে রাজনৈতিক প্রচারণা বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত ছবিটি একই সঙ্গে আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। বিজয় দিবসের আগমুহূর্তে নেতা–নেত্রীদের পোস্টার টাঙাতে গিয়ে ক্ষমতাসীন দলটির অত্যুৎসাহী কর্মীরা যা করেছেন, তা অমার্জনীয়।
ঢাকা-আরিচা সড়কের দুই পাশে যে সবুজ বৃক্ষের সারি, তা সম্ভবত তাঁদের পছন্দ নয়। এ কারণেই সড়কের বিরাট অংশজুড়ে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টারগুলো বসিয়ে দিয়েছেন গাছে পেরেক মেরে। সড়কের পাশে তাঁরা নেতা–নেত্রীদের পোস্টার লাগাতেই পারেন। কিন্তু সেটি করতে হবে গাছের ক্ষতি না করে। ব্যস্ততম সড়কে এ ধরনের পোস্টার শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, দুর্ঘটনারও কারণ হতে পারে।
রাজধানীসহ সারা দেশে কর্মীরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নেতা–নেত্রীদের ছবিসংবলিত হরেক রকম পোস্টার-ব্যানার লাগিয়ে থাকেন, যা সম্পূর্ণ বেআইনি। এতে নেতা–নেত্রীদের উপকার না হলেও পোস্টার-ব্যানার লাগানো কর্মীদের চাঁদাবাজি করতে সুবিধা হয়। চট্টগ্রাম মহানগরে সিটি করপোরেশন নির্বাচনের ছয় মাস আগেই দলীয় নেতারা নিজেদের প্রার্থিতা জাহির করছেন যত্রতত্র ব্যানার-পোস্টার লাগিয়ে। পোস্টার-ব্যানারের এই অত্যাচারে নগরগুলো সৌন্দর্য হারাচ্ছে।
আরও উদ্বেগের বিষয় হলো, অবৈধ পোস্টার-ফেস্টুনে নাম প্রচারের পাশাপাশি একশ্রেণির নেতার মধ্যে ফুলের মালা নেওয়ারও হিড়িক পড়েছে। ১ ডিসেম্বর চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মামুনুর রশীদ নামের এমন এক ব্যক্তির কাছ থেকে মালা নিয়েছেন, যিনি র্যা বের তালিকায় ভারতে পলাতক ৪১ আসামির একজন। ভারতে পলাতক খুনের মামলার আসামি কীভাবে প্রকাশ্য সমাবেশে মালা দিতে পারেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
প্রধানমন্ত্রী নিজেকে বৃক্ষপ্রেমী বলে দাবি করেন এবং প্রত্যেক নাগরিককে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। কিন্তু যাঁরা তাঁর ছবিসংবলিত পোস্টার লাগিয়ে সেই গাছকে ক্ষতবিক্ষত করছে, তাঁদের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নেন, সেটাই আমাদের জিজ্ঞাসা। পরিবেশ ও সৌন্দর্য ধ্বংস করার এই প্রচারণা বন্ধ হোক।