পরিবেশ রক্ষার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের লেখায় বলেছিলাম স্টকহোমের কথা। স্টকহোম থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মালমো শহর। যে বিমানে করে স্টকহোম থেকে মালমো এলাম, সেটিকে বলা হচ্ছে গ্রিন বা সবুজ বিমান। হিসাব কষে দেখা হয়েছে, উড্ডয়ন ও অবতরণের সময় একটি নির্দিষ্ট পথ বেছে নিলে প্রায় ৩০০ লিটার জ্বালানি সাশ্রয় হয়। এতে পরিবেশ রক্ষা হয়, জ্বালানি কম পোড়ে।মালমো শহরে আসার প্রধান কারণ হলো, শহরটি একসময় ছিল শিল্পশহর। শিল্পশহর বললেই বোঝা যায়, রাসায়নিক বর্জ্যের কারণে পরিবেশদূষণের ক্ষেত্রে মালমোর একটা ‘অবদান’ ছিল। সুইডিশ কর্তৃপক্ষ শহরটিকে পরিবেশবান্ধব করার যে সিদ্ধান্ত নিয়েছিল কয়েক বছর আগে, তারই ফল পেতে শুরু করেছে এখন। বিমানবন্দর থেকে যে ট্যাক্সিতে আমরা হোটেলে এলাম, সেটিও সবুজ, অর্থাৎ গ্যাসে চলে। এখানে ভবিষ্যতের কিছু বাড়ি দেখার সৌভাগ্য হলো। এই বাড়িগুলো নিয়ন্ত্রিত হবে রিমোটে। বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে রিমোট। বাড়ির বসবাসকারীরা বাড়িতে না থাকলেও রিমোটের সাহায্যে বাড়ির খোঁজখবর রাখতে পারবেন। যেমন: যদি ভুলে কেউ আয়রনটা বন্ধ না করেই বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে রিমোটের মাধ্যমেই তিনি সিগন্যাল পাবেন। রিমোট দিয়েই বন্ধ করতে পারবেন আয়রনটি। একটি ব্যাপারে অবশ্য দমে গেলাম আমরা। এই বাড়িগুলোর প্রতি বর্গফুটের দামই পড়বে প্রায় ৩৫ হাজার ডলার। অর্থাৎ আকাশচুম্বী মূল্য! আমাদের দেশের পরিপ্রেক্ষিত বিবেচনায় বর্তমানে আমরা শুধু এই বাড়িগুলোর কথা শুনতেই পারি, বানানোর কথা সুদূরপরাহত।তবে বাল্টিক সাগরের পাড়ে এসে মন ভরে গেল। ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হু হু বাতাসে দাঁতকপাটি লেগে যাওয়ার মতো অবস্থা। কিন্তু মালমোর এই আবাসিক এলাকায় বাতাসের তীব্র আগ্রাসনও প্রাকৃতিক সৌন্দর্যকে বিন্দুমাত্র ম্লান করতে পারে না। মেঘলা আকাশে মাঝেমধ্যে সূর্যের কিঞ্চিৎ আবির্ভাব, সমুদ্রের জলে ঠিকরে যাওয়া সূর্যালোক, ঢেউয়ের পর ঢেউ দেখেই বোঝা যায়, কেন এখানে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে স্নানের পরিবেশ। আবহাওয়া একটু উষ্ণ হলেই দলে দলে মানুষ চলে আসে এখানে। দোকান বসে যায়, গান হয়, পিকনিক পিকনিক আবহ তৈরি করে মানুষ জলে নামে। সমুদ্রজলে অবগাহন করে।এখানে এসেই ওদের পরিবেশ বাঁচানোর আকুলতাটা আরও বেশি অনুভব করা যায়। গ্রিনহাউস এফেক্ট নিয়ে কবে থেকেই তো ভাবছে পৃথিবী। অতিমাত্রায় কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ গোটা পৃথিবীর অস্তিত্বকেই যে হুমকির মুখে ফেলে দিচ্ছে, সে কথা এখন কে না জানে? মানুষ কলকারখানা তৈরি করে, যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিষিয়ে তুলছে বাতাস। দিন দিন উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে পৃথিবী। এর পরিণাম কি মানুষের জানা নেই? পরিবেশবিষয়ক সম্মেলনগুলোতে কার্বন নিঃসরণ কমানো নিয়ে কত কথাই তো হয়। কিন্তু ক্ষমতাধর রাষ্ট্রগুলো এ ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারে না। সুইডেনের মানুষ ভাবে, এখন থেকে ২০৫০ সাল পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে হবে অন্তত ৬০ শতাংশ। পুরো বিশ্ব সম্প্রদায়ের জন্যই এটা একটা বড় চ্যালেঞ্জ।১৯৭০ সালকে স্থির ধরে নিলে সে সময় থেকে এই ২০১২ সালনাগাদ আমরা যে পথ অতিক্রম করে এসেছি, তাতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ৮০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা অবশ্য নতুন প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার কথা বলছেন, কিন্তু তা কার্যকর করবে কে? প্রত্যেক মানুষ, ব্যবসায়ী গোষ্ঠী, সিদ্ধান্তগ্রহণকারীদের দাঁড়াতে হবে এককাতারে—সেই ঐক্য কোথায়? সুইডেনের মানুষের মনে এই প্রশ্নও আছে, এই শতাব্দীর শেষভাগে পৃথিবীর উষ্ণতা গড়ে ২ থেকে ৪ ডিগ্রি যদি বাড়ে, তাতে সমুদ্রস্তর বাড়বে আধা মিটার। যদি এই উষ্ণতার আঘাত গিয়ে পড়ে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায়, তাহলে সেখানকার জমাট বরফ যাবে গলে। উষ্ণতার কারণে লাখ লাখ মানুষ রোগাক্রান্ত হবে। পানীয় জল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। উদ্ভিদ ও প্রাণিজগৎও আক্রান্ত হবে। কোথাও কোথাও খরার প্রকোপ বাড়বে। দুর্ভিক্ষ থেকে বাঁচতে জরুরি অভিবাসনের পথে যেতে হবে বিশাল সংখ্যার মানুষকে। সুইডেনের নাগরিকেরা এও ভাবে, এই বিপদ থেকে কেউ বাঁচবে না। সুইডেনও নয়। শীত কমে যাবে এবং বর্ষা হবে দীর্ঘস্থায়ী। বৃষ্টি বেশি হলে সুইডেনের আবাদি জমিতে আরও ভালো চাষবাস হবে সত্যি, কিন্তু ক্ষতিকারক কীটও বাড়বে, তাতে বনাঞ্চল ও কৃষিজমি—দুই-ই ক্ষতিগ্রস্ত হবে। এরপর সুইডেনের নাগরিকেরা নিজেদেরই প্রশ্ন করে, আমরা কি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারি? তারা বিশ্বাস করে, সেটা সম্ভব। কয়লা, জীবাশ্ম জ্বালানি, পেট্রল, ডিজেল ইত্যাদি ব্যবহারে সতর্ক হতে হবে। পরিবেশ-সহায়ক জ্বালানির ব্যবহার বাড়ানো যেতে পারে। জ্বালানি ব্যবহারে আরও সংযমী হতে হবে। এ তো গেল সুইডেনে নিজেদের নিয়ে ভাবনা। উন্নয়নশীল দেশগুলো নিয়ে তাদের ভাবনা কী? সুইডেন স্বীকার করে নিচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলোই। ধনী বিশ্বকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। উন্নয়নশীল দেশগুলোকে পরিবেশবান্ধব জ্বালানি, শক্তি ও কারিগরি সাহায্য না দিলে এই সংকট মোকাবিলা করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। পাশাপাশি উন্নত বিশ্ব অবশ্যই নিজেদের দেশে কার্বন নিঃসরণ কমাবে। এ ছাড়া পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার পথ নেই।মালমো সিটি কাউন্সিলের প্রতিনিধির সঙ্গে ছিল সফরের শেষ লাঞ্চটি। খেতে খেতেই কথা হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশের পরিবেশ নিয়ে। বললাম, আসলে আপনারা যে পরিবেশে বসে যে পরিকল্পনা করছেন, তা থেকে আমরা অনেক দূরে। তিনি আমাদের সমস্যাগুলো শুনতে আগ্রহী হলেন। বললাম, নদীদূষণ, কলকারখানাদূষণ, সড়কে যানবাহনের কারণে কিংবা ইটভাটার মাধ্যমে বায়ুদূষণ ইত্যাদি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে খুব কঠিন ও সুপরিকল্পিত সিদ্ধান্ত ছাড়া আমাদের মুক্তি নেই। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, ‘এ বিষয়গুলো নিয়ে আমাদের দুই দেশের মধ্যে কথাবার্তা হতে পারে। হতে পারে, কোনো কোনো বিষয়ে আমরা তোমাদের সাহায্য করতে পারব।’ মালমো শহরে সেদিন প্রবল হাওয়ার দিন। চার দিনের এই সফরে আট দেশের আট সাংবাদিক পরিবেশ রক্ষার এক সুপরিকল্পিত হাওয়ায় যেন ভাসলাম। দেশব্যাপী পরিবেশ রক্ষার জন্য নাগরিক-সচেতনতার যে বলয়টি তারা সৃষ্টি করেছে, তাতে নিজেদের তথা বিশ্বের পরিবেশকে হুমকির হাত থেকে বাঁচানোর একটি নম্র প্রয়াশ দেখলাম। আমাদের দেশে এই অভাব পদে পদে অনুভব করি।সুইডেন থেকে ফিরেজাহীদ রেজা নূর: সাংবাদিক।