বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে যখন দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল সমালোচনামুখর, তখন বাংলাদেশেরই একটি নিট পোশাক কারখানা সবচেয়ে পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে গৌরবের
সংবাদ। নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনস এই বিরল কৃতিত্বের অধিকারী। পরিবেশবান্ধব কারখানার সনদদানকারী প্রতিষ্ঠান আমেরিকার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) প্রতিষ্ঠানটিকে লিড প্লাটিনাম সনদ দিয়েছে। কোনো কারখানা বিভিন্ন সূচকে ৮০ নম্বর পেলে পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃতি পায়। প্লামি ফ্যাশনস পেয়েছে ৯২, এর আগে বিশ্বের কোনো কারখানাই এত বেশি নম্বর পায়নি। আমরা প্লামি ফ্যাশনসকে অভিনন্দন জানাই।
এই স্বীকৃতি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। কেননা, এ ধরনের কারখানায় কর্মপরিবেশ রক্ষার পাশাপাশি আরও অনেক বিষয়ে মনোযোগ দিতে হয়। একটি কারখানা পণ্য উৎপাদনের ক্ষেত্রে কত কম বিদ্যুৎ ও পানি ব্যবহার করতে পারে, তার ওপরই পরিবেশবান্ধব স্বীকৃতি পেয়ে থাকে। প্লামি ফ্যাশনস সেটি পেতে পারলে অন্যরা কেন এগিয়ে আসবে না?
তৈরি পোশাক কারখানার মালিকেরা বরাবরই পোশাকের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন। আবার ক্রেতারা পরিবেশের দোহাই দিয়ে তাঁদের নানাভাবে ঠকাতে চান। কিন্তু কারখানার কর্মপরিবেশ উন্নত করতে পারলে যে তাঁদের দর-কষাকষির ক্ষমতা বাড়বে, প্লামি ফ্যাশনসের ঘটনাই তার প্রমাণ। কারখানাটি পরিদর্শন করতে এসে জার্মানির ক্রেতা প্রতিষ্ঠান লিডলের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু পোশাকের ক্রয়াদেশ দিয়ে গেছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বছরে ১০০ কোটি ডলারের পোশাক কিনে থাকে।
আমরা আশা করব, অন্যান্য তৈরি পোশাক কারখানাও কর্মপরিবেশ উন্নত করবে। বাংলাদেশ তৈরি পোশাক খাতে যে সাফল্য অর্জন করেছে, তা আরও অনেক দূর নিয়ে যেতে হবে। রানা প্লাজার বা তাজরীনের নামে নয়, প্লামি ফ্যাশনসের নামেই বাংলাদেশের পরিচিতি হবে। সে ক্ষেত্রে বিজিএমইএ ২০২১ সাল নাগাদ পাঁচ হাজার কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জন করাও অসম্ভব হবে না।