সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষ ১০-এ স্থান পাওয়া বিশ্বের ২৫টি পরিবেশবান্ধব শিল্প স্থাপনার মধ্যে বাংলাদেশের সাতটি শিল্পপ্রতিষ্ঠানের জায়গা করে নেওয়া খুবই আশাজাগানিয়া বিষয়। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার পরিবেশ নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা ধরনের সমালোচনা চলছে, তখন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসডিসি) ‘লিড’ বা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন-এর এই সনদ প্রমাণ করে, বাংলাদেশও পারে।
১১০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯৭ পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব শিল্পকারখানা হয়েছে নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) রেমি হোল্ডিংস নামের পোশাক কারখানা। ৯২ নম্বর পাওয়া দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনস। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অ্যাবা গ্রুপের ভিনটেজ ডেনিম, ‘এসকিউ সেলসিয়াস ২’, জেনেসিস ওয়াশিং, এসকিউ কোলব্লেনস ও এসকিউ বিরিকিনার জায়গা করে নেওয়াও কম কৃতিত্বের বিষয় নয়।
আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের অভিনন্দন জানাই। একই সঙ্গে সেসব প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কাজ করেন, তাঁদেরও ধন্যবাদ প্রাপ্য। কেননা, তাঁদের যৌথ প্রয়াসেই প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সুরক্ষা সম্ভব হয়েছে। তাঁদের দেখাদেখি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও এগিয়ে আসবে আশা করি। আর পরিবেশবান্ধব কারখানার বিষয়টি কেবল তৈরি পোশাক খাতে সীমিত রাখলে চলবে না। তবে শীর্ষ দশে স্থান পাওয়া একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটিও আমলে নেওয়া প্রয়োজন। তাঁর মতে, কারখানাকে পরিবেশবান্ধব করতে বাড়তি খরচ হলেও ক্রেতারা পণ্যের দাম বেশি দেন না। যে বিদেশি ক্রেতারা কারখানার কর্মপরিবেশ নিয়ে সোচ্চার, তাঁরা কেন পণ্যের ন্যায্য দাম দেবেন না?
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই অর্জন অন্যদের জন্যও একটি প্রণোদনা হতে পারে। রানা প্লাজা কিংবা তাজরীন ট্র্যাজেডি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ওপর যে কালিমা লেপন করেছে, তা ঘোচাতে হবে কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করে। এবং সেটি যে অসম্ভব নয়, উল্লিখিত প্রতিষ্ঠানের মালিকেরা তা প্রমাণ করেছেন। বিজিএমইএর দাবি অনুযায়ী, দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় সহনীয় কর্মপরিবেশ বজায় আছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেওয়ারও কোনো যুক্তি আছে বলে মনে করি না। তারা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ নিয়ে ক্রমাগত উদ্বেগ জানালেও সেই কারখানায় তৈরি পণ্যের ন্যায্য দাম নিয়ে কিছুই বলে না। এটি গ্রহণযোগ্য নয়।