পরিবেশবান্ধব প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬১ সালে নটর ডেম কলেজে অধ্যাপনায় যোগ দেওয়ার পর ঢাকার বৃক্ষশোভা নিয়ে একটি বই লিখতে শুরু করি। সেই সুবাদেই এ শহরের বৃক্ষের সঙ্গে আমার সম্পর্ক। মাঝেমধ্যে লিখতাম দৈনিক পাকিস্তান (পরে দৈনিক বাংলা), দ্য ডেইলি অবজারভার ও দৈনিকসংবাদ-এ। বিষয় বৃক্ষাদির নান্দনিকতা এবং সড়কের আইল্যান্ডে গাছ লাগানোর নানা ত্রুটি।১৯৯৮ সালের নভেম্বরে প্রথম আলো যখন বেরোয়, তখন আমি বিদেশে। ১৯৯১ সালে রাশিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের পর আমার নিয়োগকারী প্রতিষ্ঠান ‘প্রগতি প্রকাশন’ বন্ধ হয়ে গেলে ২০০০ সালে অনেকটা স্থায়ীভাবে দেশে ফিরি এবং প্রথম আলোতে লিখতে শুরু করি। কিছু তরুণ প্রকৃতিপ্রেমীও জুটে যায়—প্রথমে শেখর রায়, পরে সৌরভ মাহমুদ ও মোকারম হোসেন। তারাও লিখতে লেগে যায় এবং নতুন আঙ্গিকে ছবিসহ ফুল, পাখি ও প্রজাপতির পরিচিতি তুলে ধরে।সম্পাদক মতিউর রহমানের সঙ্গে দীর্ঘদিনের হূদ্যতা। তাই পত্রিকার শেষ পৃষ্ঠায় এসব লেখা ছাপাতে অসুবিধা হয়নি। তারপর প্রথম আলো একটা সময় ‘অন্য আলো’ নামে সাপ্তাহিক পাতা বা ক্রোড়পত্র শুরু করে, যা শুক্রবারে সাহিত্য সাময়িকীর পাশাপাশি বেরোয়। গোড়ার দিকে ‘অন্য আলো’তেও প্রকৃতি ও পরিবেশ-সম্পর্কিত লেখালেখির প্রাধান্য ছিল। পরে অবশ্য এই বিষয়গুলো ধীরে ধীরে গৌণ হতে হতে একসময় প্রায় বন্ধ হয়ে যায়। তারপর মতিউর রহমানের কাছে কথাবার্তা বললে আমাদের আবার জায়গা হয় শেষ পৃষ্ঠায়, যা আজও টিকে আছে। ইদানীং এ ধরনের লেখকসংখ্যা বেশ বেড়েছে, ফুলকে ছাপিয়ে গেছে পাখি, সম্ভবত শরীফ খান ও তাঁর শিষ্যদের কর্মতৎপরতায়। নানা প্রজাতির জীবজন্তু নিয়েও ইদানীং কৌতূহলোদ্দীপক লেখা ছাপা হচ্ছে।আমাদের ছাত্রজীবনে, মধ্য-পঞ্চাশের শেষার্ধে পরিবেশ-সমস্যা তেমন মাথাচাড়া দেয়নি। এ নিয়ে লেখালেখি হতো না। কিন্তু বিগত তিন দশকে হঠাৎ করেই আমরা এই সমস্যা টের পেতে থাকি; এ-সম্পর্কিত সচেতনতা বেড়ে যায়। বায়ুমণ্ডলের উষ্ণায়ন, ওজোনস্তরের ক্ষয়, নদী-জলাভূমি ও বায়ুদূষণ আমাদের জানান দিতে থাকে। আর সেই সঙ্গে ঘটে জনসংখ্যা বৃদ্ধি, বন ধ্বংস এবং আরও নানান দুর্যোগ।আবারও প্রথম আলো সহায় হয়। মতিউর রহমানকে বোঝাতে পারি যে এত দিন আমরা প্রকৃতি ও পরিবেশ নিয়ে যা লিখেছি, তা সমুদ্রে ভাসমান হিমশৈলের চূড়া মাত্র। তার জলমগ্ন অবয়ব বিশাল ও বিধ্বংসী, সেখানে আলোকপাত প্রয়োজন। তিনি আমাদের স্বাগত জানান। অতঃপর এ ধরনের লেখা তাঁর পত্রিকায় প্রকাশিত হতে থাকে।এখন বুঝতে পারি, গোড়াতেই আমাদের ভুল হয়েছিল। উচিত ছিল গাছপালা ও পশুপাখির সঙ্গে তাদের বেঁচে থাকার পরিবেশ, অর্থাৎ গোটা ইকোসিস্টেমের দিকে নজর দেওয়া। ইকোসিস্টেম না বুঝলে পরিবেশ-সংকট বোঝা একেবারেই অসম্ভব। মানবজাতি আজ এক মহা সংকটের মুখোমুখি, প্রকৃতি ও উন্নয়ন এখন সাংঘর্ষিক আবর্তে পরস্পরের দিকে অগ্রসরমাণ। অদূর ভবিষ্যতে কী ঘটবে, আমরা জানি না। পরিবেশবাদীরা বলছেন, সময় বেশি নেই, এখনই কিছু করা দরকার। কিন্তু কী করা? কেউ আমরা তা জানি না। নানা তত্ত্ব অবশ্য হাজির হচ্ছে; কিন্তু কোনোটাই লাগসই নয়।এত দিন আমরা ভেবেছি, সমস্যাগুলো উন্নত দেশের, তারাই সমাধান করুক। কিন্তু সে ছিল বড় একটা ভ্রান্তি। বঙ্গোপসাগর আমাদের গ্রাস করে ফেলবে, আমরা নদনদী-জলাভূমি দূষিত করব, বনজঙ্গল উজাড় করে ফেলব—কোনো দিন ভাবিনি। কিন্তু এখন উন্নত, উন্নয়নশীল দেশনির্বিশেষে সবাই এই সমস্যার আবর্তে বন্দী। বিদেশে এসব বিষয় আলোচিত হচ্ছে। বই লেখা হচ্ছে, বড় বড় পরিবেশ আন্দোলন গড়ে উঠেছে, গ্রিন পার্টি নির্বাচনে লড়ছে।আমরাও সজাগ হচ্ছি, কিন্তু উদ্যোগগুলোর পরিসর খুবই সীমিত, সম্ভবত কী ঘটতে চলেছে, আমরা তার সঠিক অবয়ব আঁচ করতে পারছি না। এ ক্ষেত্রে আমাদের মুদ্রণ ও সম্প্রচার গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোর বর্তিকাবাহীর দাবিদার প্রথম আলোর কাছে আমাদের প্রত্যাশা অনেক।দ্বিজেন শর্মা: লেখক, নিসর্গী।