পরিযায়ী পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন শীতকাল শুরুর একটু আগে থেকে এ দেশের খালে-বিলে পরিযায়ী পাখিদের আসা শুরু হতো। তারা আসত উত্তরের হিমালয়, সুদূর সাইবেরিয়া ও মঙ্গোলিয়ার শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে, যেখানে শীতকালে তাপমাত্রা অনেক নিচে নেমে যায় এবং জলাশয়গুলোর পানি জমে গিয়ে পাখিদের বসবাস ও খাদ্য সংগ্রহের অনুপযোগী হয়ে পড়ে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা আসত অপেক্ষাকৃত উষ্ণ জলবায়ুর টানে, যেখানে তাদের বসবাস হবে স্বস্তিকর এবং খাদ্যের কোনো অভাব হবে না। কিন্তু বিগত প্রায় দুই দশক ধরে এসব পাখির আসা কমতে শুরু করে; সাম্প্রতিক বছরগুলোতে বেশ কমে গেছে।

মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেল, ঢাকা ও সাভার এলাকার যেসব জলাশয়ে শীতকালে পরিযায়ী পাখিদের প্রচুর সংখ্যায় দেখা যেত, এ বছর তাদের দেখা মেলেনি। বিশেষত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানের লেকগুলোতে কোনো পরিযায়ী পাখির দেখা মিলছে না। তবে সাভার এলাকার কিছু জলাশয়ে এখনো খুব কম সংখ্যায় তাদের দেখা মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় পরিযায়ী পাখিদের আসা প্রায় বন্ধ হওয়ার একটা কারণ তুরাগ নদ ও টঙ্গী খাল বরাবর ৩০ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ। ২০০০ সাল থেকে ওই বাঁধের ওপর দিয়ে যান চলাচল বেড়ে যাওয়ার পর থেকে ঢাকায় পরিযায়ী পাখিদের আসা দৃশ্যমানভাবে কমতে শুরু করে। কারণ, বাঁধের আশপাশে পাখিদের যে অভয়ারণ্য ছিল, যানবাহনের হর্নের শব্দ ও আনুষঙ্গিক কোলাহলে সেই নিরিবিলি পরিবেশ নষ্ট হয়ে যায়।

শান্ত ও নিরিবিলি পরিবেশের খোঁজেই পাখিরা আসত, তা নষ্ট হয়ে গেলে তাদের আসা বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক। এ ছাড়া এই পাখিদের বসবাসের জায়গা যেসব জলাশয়, সেগুলোর পরিবেশও অনেক দূষিত হয়েছে। ঢাকার আশপাশের জলাশয়গুলোর দূষণ পাখিদের জন্য অসহ্য হয়ে ওঠার ফলেও তাদের আসা প্রায় বন্ধ হতে চলেছে। ১৯৯৫ সালের পাখিশুমারি অনুযায়ী শুধু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার লেকগুলোতেই প্রায় দেড় হাজার পরিযায়ী পাখির দেখা মিলেছিল, কিন্তু এখন আর সেখানে তাদের দেখাই মিলছে না।

প্রাকৃতিক পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় প্রতিটি জীব-অণুজীবের ভূমিকা আছে। বাংলাদেশে একসময় ৩২০ থেকে ৩৩০ প্রজাতির পরিযায়ী পাখি আসত। তাদের আসা ব্যাপকভাবে কমে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশে কী ধরনের বিরূপ প্রভাব পড়েছে, তা গভীর গবেষণার বিষয়। তবে এটা খুব স্পষ্ট যে এ দেশের প্রাকৃতিক পরিবেশের গুরুতর অবনতি ঘটেছে। পরিবেশের এই অবনতি শুধু পাখিদের সমস্যা নয়, মানুষের জন্য সমস্যাও বটে। বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখা সম্ভব নয়, কিন্তু সেসব এমনভাবে করা উচিত, যাতে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি এড়ানো সম্ভব হয়। আর পরিবেশের যে ক্ষতি ইতিমধ্যেই ঘটে গেছে, তা পূরণের উদ্যোগও নিতে হবে।