পরিস্থিতি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয়, গোষ্ঠীগত সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নিশানা করে একের পর এক আক্রমণ ও গুপ্তহত্যার ঘটনা জনজীবনে প্রচণ্ডভাবে নাড়া দিলেও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তা কতটা স্পর্শ করছে—সে প্রশ্ন করা অন্যায় হবে না। এ ধরনের অঘটনের পর তদন্তের আগেই রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর অপসংস্কৃতি চলে আসছে অনেক দিন থেকেই। এতে প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার আশঙ্কাই বাড়ে। আর ইদানীং নতুন যে বিপজ্জনক প্রবণতা যুক্ত হয়েছে, তা হলো নিহত বা আক্রান্ত ব্যক্তিদের জীবনাচরণ ও চিন্তাভাবনা সম্পর্কে অনাকাঙ্ক্ষিত মন্তব্য। এটি নিহত ব্যক্তির স্বজনদের প্রতি মানসিক পীড়নও বটে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বিস্ময়কর মন্তব্যটি শোনা গেল পুলিশ প্রধানের কাছ থেকে। তিনি বলেছেন, নাগরিকদের নিজেদেরই নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেবে সন্দেহ নেই। প্রশ্ন উঠবে, নাগরিকেরা যদি নিরাপত্তা না পায়, তবে নানা বাহিনী প্রতিপালনের অর্থ তারা কেন জোগাবে?
জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে সরকারের অভিযান ও কৌশল কার্যকর হচ্ছে না বলেই ১৪ মাসে ৩৫ জন মানুষ হত্যার শিকার হয়েছে। আর খুব কম ক্ষেত্রেই অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। যেখানে এই চক্র নিয়ত হামলার কৌশল ও ধরন বদলাচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এর সঙ্গে তাল মেলাতে পারছে না। তাদের এই তৎপরতা রাষ্ট্র ও সমাজের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল দেশবাসী নয়, বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোও দেশের এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন। কোনো দেশের জন্য তা সম্মানজনক নয়।
তাই সমাজে অভয়ের পরিবেশ গড়ে তোলার পাশাপাশি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে চাই সর্বাত্মক ও কার্যকর অভিযান। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে শুভবোধ-শুভচিন্তা এবং উন্নত সংস্কৃতির প্রসার ঘটানোর উদ্যোগ নিতে হবে। এটা না করতে পারলে জঙ্গি-সন্ত্রাসীদের থাবা থেকে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারবাহী বাংলাদেশকে রক্ষা করা কঠিন হবে।