পরিস্থিতি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের একটি রায়কে কেন্দ্র করে গত দুই দিনে যেসব ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ সময় সবচেয়ে বেশি দরকার ধৈর্য, সংযম ও পরমতসহিষ্ণুতা। শান্তির বিপক্ষে যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতা বন্ধ করতে চাই দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা।যুক্তিসংগত বাধানিষেধ মেনে যে কেউ আদালতের রায়ের পক্ষে-বিপক্ষে অবস্থান নিতে পারেন। এটা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। জামায়াতে ইসলামী স্বীকৃত মতেই আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান গ্রহণযোগ্য নয়। রায়কে কেন্দ্র করে গত দুই দিনে সহিংসতায় প্রায় ৪০ জন মারা গেছেন। কয়েকটি স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা যারাই করুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দেশের শান্তি ও স্থিতির স্বার্থেই। বিএনপির নেতারা এর আগে ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিলেন। কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল সংবাদ সম্মেলন করে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তা তিনি করতেই পারেন। কিন্তু এর প্রতিবাদে হরতালের মাত্রা আরও এক দিন বাড়িয়ে দেওয়ার যুক্তি নেই। মার্চ মাসের শুরুতেই তিন দিনের হরতাল দেশের অর্থনীতিকে কেবল বিপর্যস্ত করবে না, রাজনৈতিক পরিস্থিতিও আরও উত্তপ্ত করবে। গত বৃহস্পতি ও শুক্রবারের সহিংসতায় হতাহতের ঘটনা অত্যন্ত শোকাবহ। আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না। সরকারের উচিত এ ব্যাপারে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা তথা জনগণের জানমালের নিরাপত্তায় সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমরা মনে করি, এই হরতাল পালন এবং তা প্রতিহত করতে গিয়ে যেন কোনো পক্ষই নতুন করে সহিংসতায় জড়িয়ে না পড়ে। কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সংযম পালনও সময়ের দাবি।আমরা সংশ্লিষ্ট সব মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই। কোনো মহলেরই এমন কিছু করা উচিত হবে না, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিপন্ন করে। গত কয়েক দিনের সহিংস ঘটনায় সারা দেশে এক ভীতিকর ও অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। যেকোনো বিরোধপূর্ণ বিষয় সভ্য সমাজের প্রতিষ্ঠিত রীতিনীতি এবং আইনানুগ পন্থায় নিষ্পত্তি করতে হবে। যেকোনো ধরনের হঠকারিতা পরিত্যাজ্য। আমরা এমন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যেখানে সবার মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। কিন্তু একে অপরের ওপর কিছু চাপিয়ে দেবে না। রাষ্ট্রের স্তম্ভগুলোকে যথানিয়মে শক্তিশালী করার দিকেই আমাদের মনোযোগী হতে হবে। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংঘাতের পথ পরিহার করে আলাপ-আলোচনার ওপরই গুরুত্ব আরোপ করা জরুরি।