পরিস্থিতি গভীর উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে উপর্যুপরি হরতাল ও নাশকতামূলক কর্মকাণ্ড দেশের অর্থনীতির মেরুদণ্ডই শুধু ভেঙে দিচ্ছে না, জনজীবনকেও করে তুলেছে বিপর্যস্ত। গত মাসে নয় দিনের হরতাল পার হয়ে চলতি মাসের দ্বিতীয় দিনেই দেশবাসী আরেকটি হরতালের মুখোমুখি হলো। বিরোধী দলের এসব কর্মসূচির ব্যাপারে সরকার লা-পরোয়া ভাব দেখালেও প্রতিটি শ্রেণী-পেশার মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। হরতাল জাতীয় বিপুল ক্ষতির পাশাপাশি মানুষের জীবনকেও করে বিপন্ন। চট্টগ্রামে নবম শ্রেণীর ছাত্রী অন্তুর চোখে আঘাত পাওয়া, মেডিকেল শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়া কিংবা নীলফামারীতে শিশুশিক্ষার্থীদের ওপর হামলা—অসংখ্য অঘটনের কয়েকটি উদাহরণ মাত্র। প্রতিটি হরতাল পালনের আগে ও হরতাল পালনের সময় বোমাবাজি, সরকারি স্থাপনায় হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। সাধারণ মানুষ তো বটেই, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এসব সন্ত্রাসী তৎপরতা থেকে রেহাই পাচ্ছেন না। এ পরিস্থিতিতে সরকারকে অনুধাবন করতে হবে যে, সমস্যাটি মূলত রাজনৈতিক। তাই রাজনৈতিকভাবেই এর সমাধান খুঁজতে হবে। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। দুটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের সামনে হাজির হয়েছে। প্রথমত, যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা সম্পন্ন করা। এ ব্যাপারে সরকারের নমনীয় হওয়ার সুযোগ নেই। তবে এই বিচার নিয়ে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের মাঠ গরম করা কথাবার্তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়াই উত্তম। একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া প্রকাশ্যে কেউ এর বিরোধিতা করছে না। কিন্তু সরকার এই বিচারের সঙ্গে বর্তমান রাজনীতির হিসাব-নিকাশকে মেলাতে গিয়ে পরিস্থিতি নাজুক করে তুলেছে। আর এই সুযোগে বিএনপির কাঁধে বন্দুক রেখে জামায়াত সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।আগামী নির্বাচনের আর মাত্র সাত-আট মাস বাকি রয়েছে। কোন সরকারের অধীনে সেই নির্বাচন হবে, তা এখনই পরিষ্কার করা জরুরি। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যখন আলোচনার কথা বলা হচ্ছে, তখন সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আপত্তি কোথায়? আলোচনা শুরু করতে যত বিলম্ব হবে, জীবন ও সম্পদের ক্ষতি তত বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সরকারের উচিত আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে একটি সমঝোতায় আসা। ১৯৯৫-৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে বিরোধী দলের নেতাকে চিঠি দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও বিরোধী দলকে চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব দিতে পারেন।আর বিএনপিকেও বুঝতে হবে, মৌলবাদী দলটি এখন তাদের ঘাড়ে বন্দুক রেখে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে, সেই দলটির অতীত ভূমিকা কারও অজানা নয়। এ ধরনের শক্তির সঙ্গে সম্পর্ক রাখার বিপদ দলটিকে অনুধাবন করতে হবে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে প্রধান দুটি রাজনৈতিক পক্ষকে আলোচনার টেবিলেই দেখতে চায় দেশবাসী।