পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই কায়দায় হত্যা ও দায়দায়িত্ব স্বীকারের ঘটনাগুলো দিনে দিনে যেন দেশে স্বাভাবিক বিষয়ে পরিণত হতে যাচ্ছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে বিষবৃক্ষের শিকড়ের সন্ধান ও একে উপড়ে ফেলার ক্ষেত্রে কার্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। গত শুক্রবার কুষ্টিয়ায় চাপাতির আঘাতে খুন হলেন হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান (৫৮)। আহত হলেন তাঁর বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান। মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাঁরা আক্রমণের শিকার হন।


এই হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর মিল রয়েছে। যাঁরা এসবের শিকারে পরিণত হচ্ছেন, তঁাদের মধ্যেও বৃহত্তর পরিসরে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাঁরা হয় ভিন্ন ধর্মের, ভিন্ন মতাদর্শের বা ভাবধারার অথবা জীবন-যাপনের ক্ষেত্রে রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি অথবা সাংস্কৃতিকভাবে সক্রিয়। ফলে এটা ধরে নেওয়া খুবই সংগত যে পরিকল্পিতভাবেই এসব ঘটনাগুলো ঘটছে এবং এসবের পেছনে সংগঠিত শক্তি রয়েছে।
জানা গেছে, কুষ্টিয়ায় হত্যাকাণ্ড ও হামলার শিকার দুজনেই বাউল মতাদর্শে বিশ্বাস ও চর্চা করতেন। ফলে এই ঘটনাটিকে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে। এ ঘটনার পরও যথারীতি জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে।
একের পর এক হত্যাকাণ্ড ও দায় স্বীকারের ঘটনাগুলো নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে সরকারের তরফে এসবের সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি সরাসরি অস্বীকার করা। প্রশ্ন হচ্ছে, হত্যাকাণ্ডগুলো তবে কারা ঘটাচ্ছে? আর একের পর এক ঘটনাগুলো ঘটে চললেও সরকার তা ঠেকাতে পারছে না কেন?
এসব ঘটনায় দেশের মানুষ তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে ভয়াবহ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। যারা এসব ঘটনাগুলো ঘটাচ্ছে, পরিকল্পনা পর্যায়ে তাদের চিহ্নিত করা অথবা ঘটনা ঘটে গেলে তাদের ধরে বিচারের মুখোমুখি করা না গেলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। পরিস্থিতি আরও খারাপ ও নিয়ন্ত্রণহীন হওয়ার আগেই আমরা এ ব্যাপারে সরকারের সক্রিয় উদ্যোগ আশা করছি।