স্বাধীনতার স্পৃহা মানুষের সহজাত। এই বৈশিষ্ট্য বা গুণটি নিয়েই মানবসন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় মানুষের সাধনা ও অগণিত সাধারণ মানুষের আত্মত্যাগের বিনিময়ে কোনো জাতি স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের উৎসর্গ করেন স্বাধীনতাসংগ্রামীরা। মুক্তিসংগ্রামীদের সংখ্যা সীমিত। কিন্তু স্বাধীনতার স্বাদ ও সুবিধা উপভোগ করে সব মানুষ। রাষ্ট্রের চোর-চোট্টা, গুন্ডা-বদমাশ শুধু নয়—এমনকি স্বাধীনতাসংগ্রামে শত্রুপক্ষের দালাল ও সহযোগীরা এবং তাদের সন্তান-সন্ততিরাও পুরুষাণুক্রমিকভাবে স্বাধীনতার সুবিধা গ্রহণ করে। সে সুবিধা রাষ্ট্রের সংবিধানই তাদের দেয়। ১৯৭১-এর ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে সব নাগরিক সেই স্বাধীনতার সুখ ও সুবিধা ভোগ করছে।আমাদের মুক্তিযুদ্ধে বাঙালিদের একটি ক্ষুদ্র গোত্র পাকিস্তানি সামরিক জান্তার ভৃত্য ও সহযোগী হিসেবে কাজ করেছে। তারা গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অংশ নিয়েছে। তাদের বিচার ও উপযুক্ত শাস্তির দাবি দীর্ঘদিন থেকে জনগণ করে আসছে। বর্তমান সরকার সেই দীর্ঘ প্রতীক্ষিত বিচার-প্রক্রিয়া শুরু করেছে। জনগণ চায় বিচার-প্রক্রিয়ায় জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটুক। সেই দাবি বাস্তবায়নেই শাহবাগের গণজাগরণ।আংশিক বিজয় অর্জনের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি শাহবাগ আন্দোলনের একটি পর্যায়ের শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে। নতুন কর্মসূচি ঘোষণা করা হলে স্বস্তি বোধ করেছিলাম এবং মনে করেছিলাম, পর্যায়ক্রমে আন্দোলন একটি যৌক্তিক পরিণতি লাভ করবে। কিন্তু শুক্রবার কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে জামায়াত-শিবির প্রভৃতি ধর্মীয় সংগঠনের জঙ্গি তৎপরতায় হতবাক হয়ে যাই। প্রাণহানি ঘটেছে অন্তত চারজনের। সারা দেশে আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন: সাংবাদিক, গণমাধ্যমের কর্মী, পুলিশ ও সাধারণ পথচারী। ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ, একটি অভূতপূর্ব অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানেই শেষ নয়, আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন।বহুদলীয় গণতন্ত্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার যেকোনো সংগঠনেরই রয়েছে। প্রত্যেকের রয়েছে মতপ্রকাশের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমানে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ সাংঘর্ষিক পরিস্থিতির। যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থকদের সঙ্গে জামায়াত-শিবির ও ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সংঘর্ষ। এই সাংঘর্ষিক পরিস্থিতিতে যেকোনো সাধারণ নাগরিক উদ্বিগ্ন না হয়ে পারে না।উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় রাজনীতি দীর্ঘকাল থেকে রয়েছে। অধিকাংশ মানুষ ধর্মভীরু হওয়া সত্ত্বেও ধর্মীয় রাজনীতি সাধারণ মানুষের মধ্যে কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। জনমত জরিপে দেখা গেছে, দেশের ৫ শতাংশের বেশি মানুষ ইসলামি মৌলবাদী রাজনীতির সমর্থক নয়। কিন্তু তাদের উগ্রতা চোখে পড়ার মতো। তা ছাড়া উদ্বেগের কথা এইটুকু যে, ধর্মীয় মৌলবাদীরা বড় বড় গণতান্ত্রিক দলের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। সেটা ভোটের রাজনীতির কারণে।বাংলাদেশের উদার গণতন্ত্রীদের মৌলবাদী সাম্প্রদায়িক ও ধর্মান্ধ রাজনীতিকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। পশ্চাৎপদ মতাদর্শের রাজনীতিকে অগ্রসর ও উদার মতাদর্শের রাজনীতি দিয়ে খুব সহজেই বিতাড়িত করা সম্ভব। শাহবাগের গণজাগরণ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি উচ্চারিত হলেও ওই জমায়েতে যোগ দেওয়া সচেতন মানুষের প্রধান প্রত্যাশা, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক।যেকোনো আন্দোলনের একটি হলো আবেগের দিক। সেখানে উচ্চারিত হয় প্রতিবাদ, ঘোষিত হয় নানা দাবিদাওয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই প্রতিবাদের ভাষা অনুধাবন করতে হয়। পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করাই সংগত। শুধু ভাবাবেগে তাড়িত হওয়া নয়, যেসব দাবিদাওয়া ন্যায়সংগত এবং বাস্তবায়ন করা সম্ভব এবং যতটা পূরণ করা সম্ভব—তা পূরণ করাই দূরদর্শী নেতাদের কাজ।গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন-সংগ্রামে মানুষের আবেগ-অনুভূতির প্রকাশ ঘটে। সরকার জনগণের আবেগের মূল্য দেবে, কিন্তু তাকে চলতে হয় সাংবিধানিক আইনকানুনের পথে। কোনো রাষ্ট্রের তাঁরাই ভালো ব্যবস্থাপক, যাঁরা সাংবিধানিক বিধিবিধান ও জনগণের আবেগের সমন্বয় করে সিদ্ধান্ত নেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। কোনো কোনো আন্দোলনে দাবিদাওয়ার চেয়েও আদর্শিক দিকটি বড়। কোনো আদর্শ রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তার জন্য ধৈর্যসহকারে বিরামহীন প্রচেষ্টার প্রয়োজন। আমরা রাতারাতি একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব না। তার জন্য প্রয়োজন প্রগতিশীলদের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখা।কোনো জনগোষ্ঠীর আবেগের দুটি দিক। তার একটি সভা-সমাবেশের মাইক থেকে ঘোষিত হয়। তার শ্রোতা থাকে। আর একটি নিঃশব্দ। সেটি কান দিয়ে শোনার জিনিস নয়, নীরবে অনুভব করার বিষয়। ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করেন, এমন মানুষের সংখ্যা বাংলাদেশে বিপুল। মানুষের আবেগের ওপর জোর চলে না। কারও আবেগ যদি সমাজের জন্য ক্ষতিকর হয়ে থাকে, তাহলে তা তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। বলতে হবে: তুমি ভুল পথে আছ। তোমার ওই পথ তোমার নিজের জন্য ও দেশের জন্য কল্যাণকর নয়।ধর্মান্ধ মৌলবাদী রাজনীতিকে উদার ও প্রগতিশীল রাজনীতি দিয়ে প্রতিহত করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। জঙ্গি তৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সেই সঙ্গে প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের ভূমিকাও খুব বড়। গণমাধ্যমের ভূমিকা আরও বড়। দুঃখের বিষয়, আমাদের অনেক প্রগতিশীল বলে দাবিদার প্রচারমাধ্যম সঠিক ও কার্যকর ভূমিকা পালন করে না। বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতিতে মিডিয়া অতি উৎসাহ নিয়ে প্রচার কাজটা করেছে, পরিস্থিতিকে শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ভূমিকাটা নেয়নি। এখন দরকার নাগরিক সমাজ ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা। মন্ত্রী ও নেতাদের থেকে সংযত বক্তব্য প্রত্যাশিত। দায়িত্বজ্ঞানহীন উক্তি ও অপরিণামদর্শী কোনো কাজের ফল কোনো দেশে কোনো কালে শুভ হয়নি। যাঁরা করেন তাঁদের জন্যও নয়, অন্যের জন্যও নয়। আলেম ও ধর্মীয় নেতাদের থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।রাষ্ট্রে যদি মতপ্রকাশের স্বাধীনতা ও বিতর্কের জায়গাটি না থাকে, তাহলে তা গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন বা নিশ্চিহ্ন করে কিছুকাল ক্ষমতায় থাকা সম্ভব; কিন্তু তাতে শেষরক্ষা হয় না। তেমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে একটিও নেই, জাতি আজ একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে প্রয়োজন সঠিক সিদ্ধান্তের। সিদ্ধান্ত নেবেন নেতারাই, কিন্তু তা নেওয়ার আগে আরও বহু মানুষের সঙ্গে মতবিনিময় করা অতি জরুরি। সমন্বয়ের মাধ্যমে একটি সাংঘর্ষিক পরিস্থিতিকে সঠিক ও শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসাই দায়িত্বশীল সরকার ও ভালো নেতৃত্বের কাজ। এবং এই মুহূর্তে সেই সঠিক কাজটিই সাধারণ মানুষ দেখতে চায়। নানা পরস্পরবিরোধী মতবাদের মধ্যে বিতর্কের জায়গাটি যদি না থাকে, তাহলে তাকে গণতান্ত্রিক ব্যবস্থা বলা যায় না।আজকের এই অনিশ্চিত অবস্থার মধ্যে আমাদের সংসদের সরকারি দল ও বিরোধী দলের সাংসদদের কী ভূমিকা, তা জনগণের কাছে স্পষ্ট নয়। তা ছাড়া দেশে আরও নির্বাচিত জনপ্রতিনিধি আছেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁদের মতামতের মূল্য রয়েছে। কঠিন কঠিন ও বিতর্কিত সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ায় ফয়সালার জন্য উচ্চ আদালতের কাঁধে চাপিয়ে দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। জনপ্রতিনিধিদের মতামত নিয়ে, আইনজ্ঞদের পরামর্শ নিয়ে, বিচার বিভাগের ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে সংসদের মাধ্যমে নেওয়া কোনো সিদ্ধান্তই হবে সবার কাছে গ্রহণযোগ্য।বাংলাদেশ এখন একটি টানটান শক্ত দড়ির ওপর দিয়ে হাঁটছে। দড়ির নিচে গভীর খাদ। তার অর্থ হলো এই যে, পা ফেলতে একচুল এদিক-ওদিক হলেই একদিকে পড়ে যাবে। পড়ে যাওয়ার আরেক নাম পতন। একাত্তরে এই ভূখণ্ডের মানুষের ঘটেছিল উত্থান। যার নাম স্বাধীনতা, কারও কোনো ভুল পদক্ষেপে ও সিদ্ধান্তে সেই জায়গাটি থেকে নড়চড় হলে জনগণ দায়ী ব্যক্তিদের ক্ষমা করবে না।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।