পরীক্ষার দিন হরতাল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার থেকে সারা দেশে উচ্চমাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষাগুলো একযোগে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২৮ মে পর্যন্ত। এই প্রায় দুই মাসে রাজনৈতিক দলগুলো কত দিন হরতাল ডাকবে, সে কথা ভেবে শঙ্কিত না হয়ে পারা যায় না। কারণ, মার্চ মাসেই হরতাল হয়েছে নয় দিন, সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আরও বেশি বেশি হরতাল ডাকা হবে, এমন শঙ্কা কাজ করছে সবার মনে।শঙ্কার প্রকাশ দৃশ্যমানভাবে ঘটেছে গত বৃহস্পতিবার দুটি ব্যতিক্রমী সংবাদ সম্মেলনে। একটি সংবাদ সম্মেলন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, স্বয়ং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আহ্বানে। শিক্ষামন্ত্রী সেখানে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন এইচএসসি ও সমমানের পরীক্ষার দিনগুলোতে হরতাল না ডাকে, এমন কোনো রাজনৈতিক কর্মসূচি না দেয়, যাতে পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয়।দ্বিতীয় সংবাদ সম্মেলনটি হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে। আমাদের বিবেচনায় এই সংবাদ সম্মেলনটি ছিল খোদ শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের চেয়েও বেশি ব্যতিক্রমী ও গুরুত্ববহ। এটির আয়োজন করেছিল রাজধানীর কয়েকটি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা আগামীকাল থেকে পরীক্ষার বেঞ্চে বসতে যাচ্ছে। তারাও সব রাজনৈতিক দলের প্রতি একই আবেদন রেখেছে: পরীক্ষার দিন হরতাল নয়। আমাদের প্রত্যাশা, ১০ লাখ পরীক্ষার্থীর তরফে এই আবেদন রাজনৈতিক দলগুলোর নেতাদের বিবেচনাবোধকে স্পর্শ করবে। তাঁরা এমনভাবে তাঁদের রাজনৈতিক কর্মসূচির সময় নির্ধারণ করবেন, যাতে পরীক্ষায় কোনো ধরনের বাধাবিঘ্ন না ঘটে।সরকারের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো হরতালের ব্যাপারে সরকারি দলের নেতাদের হরতাল না ডাকার আহ্বানে সাড়া দেয় না। এর আগে মাধ্যমিক পরীক্ষার সময় হরতাল হয়েছে, হরতালের কারণে পাঁচটি পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হয়েছে। আমরা আশা করব, উচ্চমাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষার ক্ষেত্রে এর পুনরাবৃত্তি হবে না। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই পরীক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে পরীক্ষার দিনগুলোতে হরতাল ডাকবে না।