কোন শ্রেণি থেকে পাবলিক পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়, সেই বিতর্কে না গিয়েও বলা যায় বিভিন্ন পাবলিক পরীক্ষার নামে যা চলছে, তা নিছক শিক্ষার্থী তথা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। পরীক্ষা হলো শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ে কতটা জ্ঞান অর্জন করল, তা যাচাই করার একটি মাধ্যম। সেখানে যদি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় কিংবা মারাত্মক ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়, সেটি মেধা যাচাইয়ের চেয়ে মেধা হত্যারই শামিল। পাবলিক পরীক্ষায় পাসের উচ্চ হারের সাফল্য কতটা ঠুনকো তার আসল রূপটা এখন প্রকাশ পাচ্ছে ভুলে ভরা প্রশ্নপত্র ও তা ফাঁস হওয়ার মচ্ছবে।
প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ভুলে ভরা প্রশ্ন দুই উপদ্রবই জেঁকে বসেছে। সাম্প্রতিক কালে পরীক্ষা নিয়ে যেসব খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে মনে হয় না এসব পরীক্ষার ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে ভর্তি ও চাকরিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বাজার বসা কিংবা শিল্প গড়ার খবর আমাদের উদ্বিগ্ন ও বিচলিত করে। এই উদ্বেগ আরও বেড়ে যায় যখন জানতে পারি সরকার-সমর্থক ছাত্র সংগঠনের দুই নেতাসহ এই বিশ্ববিদ্যালয়েরই ১০ জন ছাত্র এই অপকর্মের সঙ্গে জড়িত। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কয়েকজন ধরা পড়লেও শেষ পর্যন্ত বিচার বা শাস্তি হবে কি না, সে বিষয়ে সংশয় আছে। ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসের ৭০টি ঘটনার একটিরও বিচার হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, তাঁদের সহায়তায় সিআইডি প্রশ্নপত্র ফাঁসকারীদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে। অথচ সেই ফাঁস হওয়া প্রশ্নের ভিত্তিতেই পরীক্ষার ফল নির্ধারণ করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির তালিকা প্রকাশ করেছেন। এটি হচ্ছে সত্য অস্বীকারের রোগ। কেন তাঁরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেননি। শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা বন্ধ করুন।
অন্যদিকে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ইংরেজি সংস্করণে যে প্রশ্ন করা হয়েছে, তা অমার্জনীয়। এ ব্যাপারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক যে ব্যাখ্যা দিয়েছেন, তা অগ্রহণযোগ্য। তিনি প্রকারান্তরে ভুলের পক্ষে সাফাই গাইলেন। ‘এই শিক্ষা লইয়া আমরা কী করিব?’
সর্বশেষ খবর হলো প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুরুতর অপরাধের শাস্তি এটি হতে পারে না। এই দায় তো শুধু ওই অধস্তন কর্মকর্তার একার নয়। প্রশ্ন চূড়ান্ত করার বিশেষজ্ঞ কমিটি, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নেপ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের জবাবদিহি কোথায়?
সভ্য দেশ হলে এই ভুলের দায়িত্ব নিয়ে শীর্ষ পদাধিকারীরাই পদত্যাগ করতেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে অন্তত হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষা করুন।