দেশের সর্বোচ্চ আদালত পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ৫৪ ধারা ও ১৬৭ ধারা বিষয়ে হাইকোর্টের দেওয়া একটি যুগান্তকারী রায় সমুন্নত রেখেছেন। এটা গুরুত্বপূর্ণ যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উভয়ে রায় ঘোষণা-পরবর্তী তাঁদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূর্ণাঙ্গ রায়ের আলোকে আইন সংশোধনের আভাস দিয়েছেন। সরকারের নীতিনির্ধারকদের মনে রাখতে হবে যে হাইকোর্টের ২০০৩ সালের রায়ে যে সুপারিশ রাখা হয়েছিল, তা ছিল বাস্তবসম্মত, গণমুখী এবং বাংলাদেশ সংবিধানের স্বীকৃত মানবাধিকারের মূলনীতিসমূহের সঙ্গে সংগতিপূর্ণ।
বিরোধী দলে থেকে আওয়ামী লীগ হাইকোর্টের রায়কে সে সময় স্বাগত জানিয়েছিল। তাই মামলার আপিল বিভাগে শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের বিরোধিতা আমাদের পীড়িত করে। প্রতিবেশী দেশের উচ্চ আদালত অনেক আগেই গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে জোরালো পর্যবেক্ষণ দিয়েছেন। ১৯৯৬ সালে ভারতের আইন কমিশন ৫৪ ধারা সংশোধনে যে সুপারিশ রেখেছিল, ভারতের আইনসভা তা বাস্তবে রূপ দিয়েছে। পাকিস্তানেও ওই দুটি ধারা বিষয়ে আদালতের রায়ে অগ্রগতি ঘটেছে। তাই এটি সর্বজনীন বিষয় হিসেবে গণ্য করা উচিত।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ বলেছিল, দেশের অবস্থা এমনই যে এখানে আদালতের নির্দেশনা খাটে না। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রকে আইনানুযায়ীই যেকোনো পরিস্থিতি যেকোনো অবস্থায় মোকাবিলা করতে হবে। বস্তুত গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে এতকাল ধরে আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকাটা আইনপ্রণেতাদের জন্য মর্যাদাকরও ছিল না। সংশোধনী ব্যতিরেকেও রায় মানা তাঁদের জন্য অপরিহার্য ছিল।
উল্লেখ করা দরকার যে হাইকোর্টের রায়ের ওপর কিন্তু নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু তা সত্ত্বেও রিমান্ডকে নিরুৎসাহিত ও সীমিতভাবে তা মঞ্জুরের উপায় বাতলানো ওই রায় অধস্তন আদালতে অনুসৃত হয়নি বললেই চলে। আমরা আশা করব, এবার অবস্থাটা সত্যিই বদলাবে। আইন সংশোধনের জন্য অপেক্ষায় থাকার দরকার আছে বলে মনে হয় না। এমনকি কিছু বিষয় বাস্তবায়নে পূর্ণাঙ্গ রায় পাওয়াও জরুরি নয়, দরকার রাজনৈতিক ও সুশাসনগত সদিচ্ছা।
অারও পড়ুন : গ্রেপ্তারের কারণ জানাতে হবে, রিমান্ডে নির্যাতন নয়