কক্সবাজার প্রশাসন আরও সক্রিয় হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের সূত্রে আমাদের কক্সবাজার প্রতিনিধি বলেছেন, গত তিন দিনে দুই লাখের বেশি পর্যটক কক্সবাজার এসেছেন। এত বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রয়োজনীয় উদ্যোগ ও সক্ষমতা যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই, তা স্পষ্ট। কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং সেই সংখ্যাটি বর্তমানে ১৮০ জন। কক্সবাজার থেকে অনেকে চলে যান হিমছড়ি, ইনানী বা টেকনাফে। কেউ কেউ সেন্ট মার্টিনে। আছে দীর্ঘ ২৫ কিলোমিটার মেরিন ড্রাইভ। এই সামান্যসংখ্যক ট্যুরিস্ট পুলিশ দিয়ে যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, তা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে বুঝতে হবে।

শুধু পর্যটন নয়, রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজার এখন একটি সংবেদনশীল স্থান। ১৩০টির মতো এনজিও সেখানে কাজ করছে। ১ হাজারের মতো বিদেশি সেখানে কর্মরত রয়েছেন। এ পরিস্থিতিতে পুলিশ বা ট্যুরিস্ট পুলিশের নিয়মিত টহল যথেষ্ট নয়। অপরাধের সঙ্গে জড়িত বা তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। অর্থাৎ টহলের মাধ্যমে শুধু অপরাধ ঠেকানো নয়, এর আগেই যাতে তাদের ধরা ও ব্যবস্থা নেওয়া যায়, সেই উদ্যোগ নিতে হবে।

সবচেয়ে বড় কথা সামগ্রিকভাবে কক্সবাজারকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে একটি পরিকল্পনার আওতায় একে গড়ে তুলতে হবে। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতের মধ্যে পর্যটকদের পানিতে নামার সুযোগ আছে খুব সামান্য জায়গায়। এর আওতা বাড়াতে হবে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সন্ধ্যার পর এখন কক্সবাজারে পর্যটকেরা নিরাপত্তাহীনতায় ভোগেন, প্রয়োজনীয় বাতিও নেই শহরটির সবখানে। এমন পরিস্থিতিকে কোনোভাবেই পর্যটকবান্ধব বলা যায় না। 

আমরা আশা করব, ছিনতাইকারীর হাতে পর্যটকের মৃত্যুর ঘটনাটিকে স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে নেবে। অপরাধী চক্রের বিরুদ্ধে আগাম ব্যবস্থা গ্রহণ ও পর্যটকদের নিরাপত্তায় আরও সচেতনতা ও সক্রিয়তার প্রমাণ রাখবে।