অনিয়ন্ত্রিত পর্যটন সুন্দরবনের অনেক বিপদের মধ্যে অন্যতম। বন বিভাগের তরফে তদারকির জন্য লোকবল অথবা সদিচ্ছার অভাবের খেসারত দিচ্ছে বিশ্বের এই বিরল প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনে পর্যটক নিয়ন্ত্রণের সুপারিশ এসেছে গবেষকদের কাছ থেকেও। নিয়ন্ত্রণের জন্য চাই বাস্তবোপযোগী নীতিমালাও।
সুন্দরবন পাথরের তৈরি নয় যে মানুষের পদচারণ ও হস্তক্ষেপ সহ্য করতে পারবে। সুন্দরবন মানে বৃক্ষ, উদ্ভিদ, প্রাণী ও পতঙ্গের নিবিড় মিতালি। বেশ কটি নদী ও অজস্র খাল দিয়ে গঠিত জীবন্ত জলদেহের জোয়ার-ভাটা বনটিকে সজীব রাখে। নির্জনতার নৈঃশব্দ্য বন ও নদীর সব প্রাণীর অস্তিত্ব ও প্রজননের শর্ত। সুন্দরবনের পানির তাপমাত্রা ও রাসায়নিক উপাদানের সামান্য তারতম্যও এই বাদাবনের শ্বাসমূলের কাজের ক্ষতি করে। পানি ও মৌমাছির মাধ্যমে বনের পরাগায়নেও সমস্যা ঘটে। সুন্দরবন কেবল বেঙ্গল টাইগার, ইরাবতী ডলফিন ও বৃহদাকার কুমিরের আবাসস্থল নয়, উন্নত জাতের চিংড়ি পোনাসহ অজস্র প্রজাতির মাছের প্রজননক্ষেত্র ও উৎসভান্ডারও বটে। তাই কিছু নিয়ম মেনেই এই বনে মানুষের যাতায়াত ঘটাতে হবে।
সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অব সুন্দরবনের পরিচালিত গবেষণাও জানাচ্ছে, বর্তমানে সুন্দরবনে যে পর্যটনব্যবস্থা চলছে, তা কোনো অবস্থাতেই সুন্দরবনবান্ধব নয়। আধুনিক মানুষ যেখানেই যায়, যন্ত্র ও বর্জ্যপদার্থের মাধ্যমে প্রকৃতির ওপর কিছু না কিছু দূষণ ঘটায়ই। এ কারণেই সুন্দরবনে পর্যটকসংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি। গবেষণাটি জানাচ্ছে, পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে সুন্দরবনের নয়টি পর্যটনকেন্দ্রে প্রতিদিন ৪ হাজার ২১৬ জন পর্যন্ত পর্যটক গ্রহণ করা যেতে পারে। রাতে বনের ভেতর জলযানে অবস্থান করলে এই সংখ্যা আরও অনেক কম হওয়া উচিত। অথচ এই শীত মৌসুমে কোনো কোনো দিন ৪৫ হাজার পর্যটকও বিচরণ করছেন। এখনই সময় জলযান ও পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, আচরণবিধি পালন এবং পর্যটনের এলাকা চিহ্নিত করা এবং তা তদারকির ব্যবস্থা গড়ে তোলার। পর্যটকের সংখ্যা, পর্যটনের ক্যালেন্ডার এবং বনের ভেতরে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে সফটওয়্যার বানানোরও উদ্যোগ নিতে হবে।
প্রতিবেশী ভুটান তাদের দেশে পর্যটন নিয়ন্ত্রণের যে সক্ষমতা দেখিয়েছে, বাংলাদেশে আমরা তা কেন পারছি না?