২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ১০ লাখ পর্যটক আনার একটি লক্ষ্যমাত্রাও ঘোষিত হয়েছে। দেশের পর্যটনশিল্পকে আরও গতিশীল করতে আগামী বছর পর্যটন বর্ষ পালনের সরকারি সিদ্ধান্তের ঘোষণাটি দিয়েছেন প্রধানমন্ত্রী। আর পর্যটকের লক্ষ্যমাত্রার বিষয়টি বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বোঝা যাচ্ছে, সরকার এই খাতকে গুরুত্ব দিতে চাইছে। তবে ২০১৬ আসতে আর বেশি বাকি নেই। এই বাস্তবতায় কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
বর্তমানে বিশ্বের ৬৩টি দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। স্থল ও আকাশপথ সব ক্ষেত্রেই তা প্রযোজ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, এসব দেশের নাগরিকেরা স্থলপথে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়েন। স্থলসীমান্তের ইমিগ্রেশন কর্মকর্তাদের এ ব্যাপারে যথাযথ তথ্য ও নির্দেশনা না থাকাতেই এই সমস্যা। এটা মানতে হবে যে বাংলাদেশ এখন পর্যটকদের একক গন্তব্যের কোনো দেশে পরিণত হতে পারেনি। এই অঞ্চলে যাঁরা আসেন, তাঁরা কয়েকটি দেশের একটি হিসেবে বাংলাদেশে আসার পরিকল্পনা করেন। ফলে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
পর্যটকদের জন্য অনলাইনে ভিসা আবেদনের সুযোগের বিষয়টি নিয়েও সরকারকে এখনই চিন্তাভাবনা শুরু করতে হবে। যদি অনলাইনে সব তথ্য ও ছবি দিয়ে আবেদন করে ভিসার বিষয়টি তাঁরা নিশ্চিত করতে পারেন, তবে এখানে এসে কোনো ধরনের অনিশ্চিত পরিস্থিতির ঝুঁকি থাকবে না।
পর্যটনশিল্পের জন্য অবকাঠামোর বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যোগাযোগ অবকাঠামো থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ বা প্রয়োজনীয় বিনোদনের সুবিধা সবই রয়েছে। পর্যটনমন্ত্রী অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তবে বাংলাদেশে পর্যটনশিল্পের কার্যকর বিকাশ নিশ্চিত করতে হলে ২০১০ সালে করা পর্যটন নীতিমালা বাস্তবায়নে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।