পর্যটনকেন্দ্র, পর্যবেক্ষণ টাওয়ার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, খুলনা জেলা প্রশাসন প্রায় চার বর্গকিলোমিটারের ওই চরটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে চায়। অন্যদিকে কোস্টগার্ড চায় চরে পর্যবেক্ষণ টাওয়ার বসাতে। চরটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে গত বছরের সেপ্টেম্বরে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠান। এর আগে ২০১৫ সালে কোস্টগার্ড থেকে জেলা প্রশাসনের কাছে দেওয়া একটি চিঠিতে বঙ্গোপসাগরে চলাচলকারী নৌযান ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী জাহাজের নিরাপত্তা দিতে বঙ্গবন্ধু চরে পর্যবেক্ষণ টাওয়ার বসানোর আবেদন করা হয়। কোস্টগার্ড এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও আবেদন করেছে।

তবে বন বিভাগের জরিপ প্রতিবেদনে চরটি পর্যটনের জন্য মোটেই আদর্শ নয় বলে উল্লেখ করা হয়েছে। তারা চরটিকে বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে গড়ে তোলার পক্ষে সুপারিশ করেছে। যেহেতু বন বিভাগের জরিপ প্রতিবেদনে চরটি পর্যটনের জন্য আদর্শ নয় বলে উল্লেখ করা হয়েছে, সেহেতু খুলনা জেলা প্রশাসনের আর এ নিয়ে এগোনো উচিত হবে না। সরকার ইতিমধ্যে সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। আর বঙ্গবন্ধু চর পড়েছে সুন্দরবনের ভেতর। তাই সেখানে কোস্টগার্ডের পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করারও সুযোগ নেই।

সুন্দরবন এমনিতেই নানা কারণে বিপর্যস্ত। বছর তিনেক আগে সুন্দরবনসংলগ্ন শ্যালা নদীতে তেলের ট্যাংকার ডুবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়ে পড়ে। এ ছাড়া সমুদ্রের পানির উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন ও গাছপালা মারা যাওয়ার কারণে সুন্দরবন আর আগের সুন্দরবন নেই। এই পরিস্থিতিতে এখানে পর্যটনকেন্দ্র হলে বা পর্যবেক্ষণ টাওয়ার বসানোর কোনো যুক্তি নেই। তাই সুন্দরবনের ওপর আর নির্যাতন নয়। বঙ্গবন্ধু চর যেভাবে আছে সেভাবেই থাকুক, নিবিড় বন হিসেবে টিকে থাকুক।