করোনাকালে প্রায় দেড় বছর ঘরবন্দী ছিল মানুষ। সীমিত পরিসরে পালন করতে হয়েছে কয়েকটি ঈদ, পয়লা বৈশাখ ও অন্যান্য উপলক্ষ। এরপর সব বিধিনিষেধ ওঠে গেলে শুরু হয় সন্তানদের পরীক্ষা। যার কারণে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ ছিল না। এখন সন্তানদের পরীক্ষাও শেষ, বিজয় দিবস ও সাপ্তাহিক বন্ধ মিলে কয়েক দিনের ছুটি পাওয়া গেল। ফলে সন্তান ও পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরে আসার সুযোগ তৈরি হয়। পর্যটকদের বরাবরই প্রথম পছন্দ থাকে কক্সবাজারের সমুদ্র সৈকত। এবারের ছুটিতেও সেটি প্রমাণ হলো।
তবে সেখানে ঘুরতে গিয়ে মানুষের চরম ভোগান্তির খবরও গণমাধ্যমে এসেছে। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বিজয় দিবসের দিন গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে ভিড় করেন অন্তত চার লাখ পর্যটক। এর মধ্যে অন্তত ২০ হাজার পর্যটক হোটেল কক্ষ না পেয়ে বাসে কিংবা রাস্তাঘাটে ঘোরাফেরা করে সময় পার করছেন। হোটেলে কক্ষ বরাদ্দে স্বাভাবিক ভাড়ার চেয়েও কয়েক হাজার টাকা বেশি অর্থ গুনতে হয় হচ্ছে। এক পর্যটক বলছেন, এত টাকায় হোটেল থাকার সামর্থ্য নাই, তাই বিকেল পর্যন্ত সৈকতে ঘুরেফিরে সন্ধ্যায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। ’ এমনকি অনলাইনে কক্ষভাড়া ছাড়ের ঘোষণা দিয়েও পরবর্তীতে তা মানা হয়নি। আরেক পর্যটক বলেন, ‘অনলাইনে বেশির ভাগ হোটেল কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়ে পর্যটকদের কক্সবাজার নিয়ে এসেছে। এখন কোনো হোটেলে ছাড় দেওয়া হচ্ছে না। এটা একধরনের প্রতারণা।’ বুকিংয়ে সময় থ্রি স্টার মানের কক্ষের কথা বলা হলেও দেওয়া হয়েছে নিম্নমানের কক্ষ।
ফেডারেশন অব টুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, অতিরিক্ত কক্ষভাড়া যেন আদায় না হয়, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। যদিও তাদের কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। জেলা প্রশাসক জানান, হোটেলে অতিরিক্ত কক্ষভাড়া এবং খাবারের বিপরীতে অতিরিক্ত টাকা আদায় যেন না হয়, তা দেখার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টির বেশি ভ্রাম্যমাণ আদালতে মাঠে রয়েছে, অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অথচ রেস্তোরাঁগুলোতে খাবারের অতিরিক্ত দাম নেওয়ার বিস্তর অভিযোগ বিস্তর। সাধারণ একটি রেস্টুরেন্টে শুধু ডাল-ভাতের দাম রাখা হচ্ছে ৪০০ টাকা। এক প্লেট ভাত ও আলুভর্তার দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। শহরের ভেতরে যানবাহনেও কয়েকগুণ বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
কক্মবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে, এটি আনন্দের কথা। বেশি পর্যটক এলে পর্যটন ব্যবসারও প্রসার ঘটবে। তাই বলে সেবাদাতারা মানুষকে জিম্মি করতে পারেন না। ঘুরতে গিয়ে মানুষ এভাবে হয়রানির মুখে পড়ুক কোনোভাবেই কাম্য নয়।