
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজনকে ঢাকা জেলা প্রশাসন থেকে পরিবারপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। শুধু এটুকু ছাড়া সরকারি তরফ থেকে তারা আর কিছু পায়নি। একটি বেসরকারি সংস্থা কিছু হাঁড়িপাতিল, বাসনকোসন দিয়েছে। আর কয়েকটি বেসরকারি সংস্থা নাকি ক্ষতিগ্রস্ত লোকজনের নামধাম লিখে নিয়ে গেছে, কিন্তু তাদের তরফ থেকে এখনো কোনো সাহায্য-সহযোগিতা আসেনি।
ইলিয়াস মোল্লাহ বস্তির বাসিন্দাদের এই বিপর্যয় যে সংবেদনশীলতা দাবি করে, রাষ্ট্র বা সমাজের কোনো অংশের তরফেই তা লক্ষ করা যায়নি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়; স্থানীয় সাংসদের দেওয়া হিসাব অনুযায়ী ৪ হাজার ৮৪৪টি পরিবার। অর্থাৎ, ২৫-৩০ হাজার মানুষের জীবনে বিরাট বিপর্যয় নেমে এসেছে, কিন্তু তারা তেমন কোনো সাহায্য-সহযোগিতা পাচ্ছে না।
সরকারের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, যাতে তারা নিজ নিজ ঘর মেরামত বা তৈরি করে নিতে পারে। বেসরকারি সেবামূলক বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সম্প্রদায়, বিশেষত তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের উচিত ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের প্রতি সাহায্যের হাত বাড়ানো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে ঢাকাসহ বিভিন্ন শহরের বস্তিতে ১ হাজার ২০০টিরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। শুধু ঢাকা শহরের বস্তিগুলোতেই ১৭৮টি। বিদ্যুৎ-গ্যাসের অবৈধ সংযোগ থেকে আগুন লাগা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতাবশত আগুন লাগানোর অভিযোগ পাওয়া যায়।
কিন্তু অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয় না; কেউ মারা গেলে অপমৃত্যুর মামলা হয়, কিন্তু সেসব মামলা কোনো পরিণতি পায় না। অর্থাৎ বস্তিবাসীর এই ঝুঁকিপূর্ণ জীবনের বাড়তি দুঃখ হলো, আগুনে সর্বস্বান্ত হলে, এমনকি প্রাণ হারালেও তারা কোনো আইনি প্রতিকার পায় না। আরও দুঃখজনক, কিছুদিন পরপর কোনো না কোনো বস্তিতে আগুন লাগবে—এটা যেন গা সওয়া বিষয়ে পরিণত হয়েছে।
এভাবে আর চলা উচিত নয়। বস্তিগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে; প্রতিটি অগ্নিকাণ্ডের তদন্ত করে কারণ চিহ্নিত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।