মানুষের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার যে অসামান্য ভূমিকা আছে, তারই অকাট্য প্রমাণ পাওয়া গেল জাইকা ও বিআইডিএসের তিনটি গবেষণা জরিপ প্রতিবেদনে। এতে দেখা যায়, বাংলাদেশের যেসব এলাকায় পল্লি সড়ক গিয়েছে, সেসব এলাকায় দারিদ্র্যের হার কমেছে, শিক্ষার হার বেড়েছে এবং কৃষকেরাও উৎপাদিত পণ্যের ভালো দাম পাচ্ছেন।
এই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সামাজিক সূচকগুলোর মতো পল্লি সড়ক নির্মাণেও আমরা ভারত ও পাকিস্তান থেকে এগিয়ে আছি। অন্য এলাকায় না কমলেও পল্লি সড়ক হয়েছে এমন এলাকায় দারিদ্র্যের হার ৯ শতাংশ কমেছে। এই পরিসংখ্যান আশাব্যঞ্জক।
গ্রামীণ দারিদ্র্য কমিয়েছে পল্লি সড়কবলার অপেক্ষা রাখে না যে, গত কয়েক দশকে বাংলাদেশে সড়ক যোগাযোগে বিরাট অগ্রগতি হয়েছে। ১৯৯০ সালে যেখানে গ্রামীণ পাকা সড়ক ছিল ৮ হাজার ৬৭০ কিলোমিটার, সেখানে ২০১০ সালে সেটি দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬০ কিলোমিটারে। কাঁচা সড়কের পরিমাণ কয়েক গুণ বেশি। এতে এটাও প্রমাণিত যে এরশাদের আমলেই যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে যে মিথ প্রচলিত আছে, সেটিও সত্য নয়। বেশির ভাগ গ্রামীণ সড়ক হয়েছে ১৯৯০ সালের পর। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি তথা ক্ষুদ্র ও কুটিরশিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্যে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। গবেষণার তথ্য–উপাত্ত উদ্ধৃত করে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কৃষকেরাও পল্লি সড়কের সুবিধা পাচ্ছেন। আগে পণ্য বিক্রি করতে তাঁদের বাজারে যেতে হতো, এখন ক্রেতারাই কৃষকের কাছে যান।
পল্লি সড়কের এসব সাফল্য সত্ত্বেও দুর্বলতাও কম নয়। তদারকির ঘাটতিতে সড়ক নির্মাণ করা হয় অনেকটা হেলাফেলাভাবে। কখনো কখনো সড়ক নির্মাণে স্থানীয় প্রভাবশালীদের মতামতই প্রাধান্য পায়; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি টেকসই ও পরিকল্পিত পল্লি সড়ককাঠামো গড়ে তুলতে পারলে অধিকসংখ্যক মানুষ যেমন এর থেকে উপকৃত হবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও গতি সঞ্চার করবে।