পল্লিবাসীর বিদ্যুৎ-বঞ্চনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারে শহর ও গ্রামের মধ্যে একটা সমতার নীতি অবশ্যই মেনে চলা উচিত হবে। এ রকম একটি আনুপাতিক হার অনুসরণে কর্তৃপক্ষের যে নিয়মরীতি একেবারেই নেই তা-ও নয়, কিন্তু প্রতীয়মান হচ্ছে সেটা কাজির গরুর মতো, কেতাবে আছে, কিন্তু গোয়ালে নেই। সারা দেশের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় নয় হাজার মেগাওয়াট। আর উৎপাদনও টেনেটুনে ওই রকমই, তাই কোনো কারণে ব্যত্যয় ঘটলেই সংকট দেখা দেয়।
শহুরে মানুষেরা বিদ্যুৎ-সুবিধা লাভে অবশ্য কিছুটা এগিয়ে থাকবে, সেটা বোধগম্য। কিন্তু তার একটা তুলনামূলক মাত্রা থাকা দরকার। সাম্প্রতিক কালে পল্লি অঞ্চলে গ্রাহকদের সংখ্যা বেড়েই চলেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ক্ষেত্রে সংযোগের শুরুতে প্রতি এক লাখ গ্রাহকের জন্য ৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এই হিসাবের সুরক্ষা দেওয়ার দায়িত্বটা আরইবির কাঁধে ন্যস্ত থাকলেই ভালো হতো, কিন্তু বাস্তবতা তা নয়।
দেশে উৎপাদিত মোট বিদ্যুতের জোগান দেওয়ার দায় কেন্দ্রীয়ভাবে শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাই পালন করে আসছেন। অথচ দেশের পল্লি অঞ্চলের বিদ্যুতের চাহিদা ও জোগানের দায়িত্ব একচ্ছত্রভাবে আরইবির। এটা অস্বাভাবিক নয় যে বিভিন্ন কারণে সময়ে সময়ে বিদ্যুতের সরবরাহ চাহিদার তুলনায় সাময়িকভাবে অনেক হ্রাস পেতে পারে। কিন্তু যুক্তি হলো সেই বিপর্যয়কালীন বিদ্যুৎ ঘাটতিজনিত সমস্যা শহর ও গ্রামের মধ্যে একটা আনুপাতিক হারে ভাগাভাগি হওয়া উচিত।
আমরা এটা জেনে বিস্মিত যে পিডিবি-নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিতরণ কেন্দ্র বা পিজিসিবি নিয়ন্ত্রিত লোড ডেসপাস সেন্টারের ব্যবস্থাপনায় আরইবির কোনো শরিকানা নেই। কোনো সুনির্দিষ্ট নীতিমালার অভাবে লোড ডেসপাস সেন্টারের কর্মকর্তারা খেয়ালখুশিমতো আরইবিকে বিদ্যুৎ দিতে পারছেন। গত ২৬ এপ্রিল চাহিদার (৪,৮০৭ মেগাওয়াট) তুলনায় অর্ধেকের কিছু বেশি (২,৭৬১ মেগাওয়াট) বিদ্যুৎ দেওয়া হয় আরইবিকে। এটা দুর্ভাগ্যজনক। এই প্রেক্ষাপটে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আরইবির চাহিদা পূরণের দাবি করেছেন। বিদ্যুৎ বিতরণের একটি ন্যূনতম হার বেঁধে দিয়ে তার দাবি বিবেচনার দাবি রাখে।