পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে পেছনে ফেলে রাখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন যেদিকে, অভ্যন্তরীণ অভিবাসনের গতিমুখও সেদিকেই হওয়ার কথা। এ কারণে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর উদ্বৃত্ত জনশক্তি পূর্বাঞ্চলের দিকে অভিবাসন ঘটাচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত এ বিষয়ক প্রতিবেদনে উন্নয়নের এই বিষম বাস্তবতা ফুটে উঠেছে। সেখানে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলে নগরায়ণ, শিল্পায়ন তথা উন্নয়নের গতি ধীর। নগরে বসবাসকারী জনসংখ্যার হার পূর্বাঞ্চলে যেখানে ৩৪ শতাংশ, পশ্চিমাঞ্চলে এই হার সেখানে মাত্র ১৭ শতাংশ। অর্থাৎ, অনুন্নত অঞ্চলের দ্বিগুণ জনসংখ্যার বাস উন্নত অঞ্চলে। বৈষম্যের মাত্রাটা কত প্রকট, এ দিয়েও তা পরিমাপ করা যায়।

এরই প্রতিক্রিয়ায় অনুন্নত অঞ্চলের মানুষ রোজগার, কর্মসংস্থান ও কিছুটা সুবিধাজনক জীবনের আশায় উন্নত অঞ্চলের দিকে অভিবাসন-যাত্রা করছে। এভাবে পূর্বাঞ্চলের পরিবেশ ও অবকাঠামোর ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে, তাতে করে এ অঞ্চলের প্রাণ-প্রতিবেশ, নদী-জলাশয়-পাহাড় ও অরণ্য ক্রমেই ধ্বংস হচ্ছে। সামাজিক স্থিতিশীলতাও এর শিকার হচ্ছে। এ রকম ভৌগোলিক বৈষম্যপূর্ণ উন্নয়নের চড়া খেসারত দিচ্ছে সমাজ ও প্রকৃতি।

ইউএনএফপিএর প্রতিবেদনে এই বৈষম্য ও তার ক্ষতি কমানোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। আমরাও মনে করি, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা দরকার, যাতে নাগরিক সুবিধার অভাবে মানুষ এলাকা না ছাড়ে। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই অঞ্চলের শিল্পায়ন ঘটানো। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলো, তথা নেপাল, ভারত ও ভুটানের সঙ্গে এসব অঞ্চলের বাণিজ্যিক ট্রানজিট–ব্যবস্থাও শক্তিশালী করা দরকার। কৃষিপ্রধান পশ্চিমাঞ্চলে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি যন্ত্রপাতি উৎপাদন এবং বস্ত্রশিল্পেরও সম্ভাবনা কাজে লাগাতে হবে। উন্নয়ন যাতে বৈষম্য সৃষ্টির হাতিয়ারে পরিণত না হয়, সেদিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে।