পা হারানো এক অসহায় বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা এই: গত মাসের ১৬ তারিখে ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙ্গা গ্রামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে উত্ত্যক্তকারীদের আক্রমণের শিকার হন দরিদ্র বর্গাচাষি শাহানূর বিশ্বাস। তাঁর এক আত্মীয়ের অভিযোগ, আক্রমণকারীরা তাঁকে লোহার শাবল, হাতুড়ি, রড ও ছেনি দিয়ে আঘাত করেন। ফলে তাঁর দুটি পা-ই হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। কিন্তু মামলা করতে গেলে পুলিশ প্রথমে তা নিতে চায়নি। অনেক তদবিরের পর অবশেষে মামলা নথিভুক্ত করা হয়েছে, কিন্তু পুলিশ ১৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার করেছে মাত্র দুজনকে। প্রধান আসামিকেই গ্রেপ্তার করা হয়নি।

প্রধান আসামি মো. কামাল স্থানীয় যুবলীগের একটি ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাঁর ও তাঁর লোকজনের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। কিন্তু তাঁরা ক্ষমতাধর, তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে অন্যায়-অপরাধের যেসব অভিযোগ বিস্তর শোনা যায়, তিনিও তার ব্যতিক্রম নন। আক্রান্ত শাহানূর বিশ্বাসের কাহিনিও ব্যতিক্রমী নয়: অত্যাচারের শিকার হওয়ার পর ন্যায়বিচার পাওয়া দূরে থাক, উল্টো তিনি এখন সপরিবারে ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার ভয়ে আছেন।

প্রথমআলোর গতকালের প্রতিবেদন প্রকাশের পর উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে আদেশ দিয়েছেন আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতকে তা অবহিত করতে। দেশবাসী এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে আদালতের এই আদেশের ফল দেখার জন্য। আদালতের এই স্বতঃপ্রণোদিত আদেশ ন্যায়বিচারের আশা জাগাচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কিংবা ব্যর্থতাও স্পষ্ট হলো।

মেয়েদের উত্ত্যক্ত করা ও তার প্রতিবাদ করতে গিয়ে এমনকি প্রাণ হারানোর ঘটনাও অতীতে ঘটেছে। প্রতিটি অপরাধের ক্ষেত্রে আইন প্রয়োগের জন্য আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ প্রদান করা সম্ভব নয়। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে যথাযথভাবে দায়িত্ব পালনে সক্রিয় করার পদক্ষেপ নিতে হবে। সে দায়িত্ব সরকারের।