পাউবো কেন সময়মতো সক্রিয় হলো না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের ২০ গ্রামের ৩০ হাজার মানুষ ভুগছে খাওয়ার পানির সংকটে। এই ভোগান্তির ইতিহাস ২০১২ সাল থেকে শুরু। তখন বেড়িবাঁধ ধসে সমুদ্রের জোয়ারের সামনে অরক্ষিত হয়ে পড়ে বিরাট এলাকা। ২০১৬ সালের ঘূর্ণিঝড় রোয়ানুর সময় সমুদ্রের লোনাপানি ওই ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে গ্রামগুলোকে প্লাবিত করে। সেই থেকে মিঠাপানি আহরণের সব পথ বন্ধ। প্রশ্ন হলো, গত চার বছর জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই সমস্যা জিইয়ে রাখল কেন? ভাঙা বাঁধ তো শুধু জীবনযাপনেরই সমস্যা সৃষ্টি করে না, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সামনে অরক্ষিত করে রাখে জনপদকে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রথম আলোকে জানিয়েছেন, বাঁধ স্থায়ীভাবে মেরামতের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। কবে সেই বরাদ্দ পাওয়া যাবে তা জানা যায় না। কিন্তু এ অবস্থায় স্থানীয় প্রশাসনসহ পাউবোর উচিত ছিল বিকল্পগুলো কী এবং তা বাস্তবায়নের পথ কী হতে পারে, তা নির্ধারণ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। লোনাপানি পানে ডায়রিয়া, জন্ডিস, পেটের পীড়া ঘরে ঘরে ছড়াতে পারে। ভ্রাম্যমাণ পানি শোধনাগারসহ বৃষ্টির পানি ধরে রাখাসহ আরও বিকল্প রয়েছে।
স্পষ্টতই, পাউবোসহ প্রশাসনের এখানে করণীয় ছিল। চার বছর আগে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হলো না কেন? আর এসব বাঁধ কীভাবে বানানো হয় যে ক্রমাগতভাবে ভাঙন ও মেরামতে নতুন নতুন বরাদ্দ ছাড়া চলতেই পারে না। অভিযোগ রয়েছে, বাঁধ নির্মাণ-ভাঙন এবং মেরামত একশ্রেণির সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের লাভজনক ব্যবসার সুযোগ। সমস্যার স্থায়ী সমাধান হলে সে সুযোগ থাকে না।
পাশাপাশি এটাও বলতে হবে যে সব ক্ষেত্রে সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকা আমাদের ঐতিহ্য নয়। পানি ব্যবস্থাপনার বিষয়টিতে অতীতকালে জনগণের অংশগ্রহণ ছিল। যখন দুর্যোগ উপস্থিত, তখন সবাই মিলে তো কষ্ট লাঘবের কিছু ব্যবস্থা করা যায়।