পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় পরিষদ ও প্রাদেশিক আইন পরিষদের ২১২ জন সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে—এ খবর বাংলাদেশের জাতীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জনগণ, তাদের নির্বাচিত আইনপ্রণেতা, রাজনৈতিক দলগুলো ও সর্বোপরি নির্বাচন কমিশনের জন্য এই খবর অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ, এ দেশে পাকিস্তানকে ঐতিহাসিকভাবে একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার দেশ হিসেবে দেখা হয়, যেখানে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা নেই, থাকলেও তা অত্যন্ত দুর্বল। বস্তুত গণতান্ত্রিক রীতিনীতি অনুশীলনের ক্ষেত্রে পাকিস্তানের অর্জন সাধারণভাবে উল্লেখযোগ্য নয়।
সে তুলনায় বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ও নিয়মিত অনুশীলনের দিক থেকে কতটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি?
পাকিস্তানের নির্বাচন কমিশন ২১২ জন আইনপ্রণেতার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে এই কারণে যে, তাঁরা দেশটির গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ও পরিবারের অন্য সদস্যদের সম্পদ ও দায়দেনার হিসাব বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করেননি। আর আমাদের গণতন্ত্রে এমন কোনো আইনই করা হয়নি যে সাংসদদের প্রতিবছর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দেওয়ার বিধান আছে, সেই হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রী-সাংসদেরা হইচই শুরু করেন। আর সেই চাপে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে হলফনামাগুলো রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক অনুশীলনের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে—এ রকম আত্মতৃপ্তিতে আমরা ভুগি কিসের ভিত্তিতে?
রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলেও আমাদের মন্ত্রী–সাংসদরা নিয়মিত সম্পদের হিসাব দেন না। কিন্তু এ প্রতিশ্রুতির কথা কেবল নির্বাচনের আগে শোনা যায়, কখনো বাস্তবায়িত হতে দেখা যায় না। এটাকে বাধ্যতামূলক করে একটি আইন প্রণয়ন করা এবং সে আইনের প্রয়োগ নিশ্চিত করা জরুরি।