পাকিস্তানের ঔদ্ধত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দণ্ডপ্রাপ্ত দুজন অপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তানের সরকার একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে চলেছে। সর্বশেষ গত সোমবার তারা ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার দায় অস্বীকার করার মধ্য দিয়ে সীমা ছাড়িয়ে গেল।
কিন্তু ইসলামাবাদের অস্বীকারের ফলে ইতিহাস বদলাবে না; বরং এর মধ্য দিয়ে তাদের মানবতাবিরোধী অবস্থান ও দৃষ্টিভঙ্গিই আবার সুস্পষ্ট হয়ে উঠল, যা দুই দেশের সম্পর্কের ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান সরকার উদ্বেগ ও নিন্দা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক বিষয়ে অন্যায় অনধিকারচর্চা করেছে। শুধু তা-ই নয়, এ দেশের অগণিত শহীদ পরিবারসহ গোটা জাতির অনুভূতিতে নির্মম ও নির্লজ্জভাবে আঘাত করেছে। ইতিহাসের নৃশংসতম গণহত্যার শিকার একটি জাতির অনুভূতির ওপর এভাবে আঘাত করা মনস্তাত্ত্বিকভাবে গণহত্যার পুনরাবৃত্তি ঘটানোর শামিল।
পাকিস্তান সরকার যেন বা পুরোনো জিঘাংসাবশত পাল্টা আঘাত হিসেবেই সোমবার ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে একাত্তরের গণহত্যার দায় অস্বীকার করার মধ্য দিয়ে নিজের খুনে চেহারাটা আবার মেলে ধরল। এ থেকে আমাদের বোধ হচ্ছে, ১৯৭১ সালে পাকিস্তানের যে স্বৈরাচারী সামরিক সরকার এ দেশে গণহত্যা চালিয়েছিল, তাদের বর্বর মানসিকতা আজকের পাকিস্তানের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকেও গ্রাস করে আছে। এটা যারপরনাই দুর্ভাগ্যজনক।
১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে পরবর্তী নয় মাস ধরে পাকিস্তানের সামরিক বাহিনী এই দেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, পাকিস্তানের উচিত তার জন্য বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। কিন্তু তারা তা কখনো
করেনি, বরং আজকে সেই গণহত্যার দায় অস্বীকার করে নিজেদের বর্বর মানসিকতা নতুনভাবে প্রকাশ করছে। এখন আমাদের সরকারের উচিত অত্যন্ত কঠোর ভাষায় এর প্রতিবাদ জানানো।