পাকিস্তানের শিয়ালকোট আমার জন্মস্থান। সাতচল্লিশের দেশভাগের সময় সেই শহর ছাড়ার পর কমপক্ষে ২০০ বার আমি পাকিস্তান সফর করেছি। যতবারই দেশটিতে যাই, মানুষের ধৈর্য আর সহ্যক্ষমতা দেখে অবাক হই। ৬৬ বছর আগে স্বাধীন হওয়ার পর থেকেই দুর্ভাগ্য দেশটিকে তাড়িয়ে বেড়াচ্ছে। বিরামহীনভাবেই দেশটা একের পর এক সমস্যায় পতিত হচ্ছে। তার পরও দেশটির মানুষ গণতান্ত্রিক গঠনকাঠামোর দিকেই তাকিয়ে আছে। তারা আশা করে, সেটা অন্তত তাদের কেবল রাজনৈতিক স্থিতিশীলতাই দেবে না, অর্থনৈতিক সামর্থ্যও বাড়াবে। কিন্তু এই মুহূর্তে মিলিয়ন ডলার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী ১১ মের নির্বাচন কি নিরপেক্ষ হবে? দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ তাঁর স্বপ্রণোদিত নির্বাসন থেকে দেশে ফেরার পর থেকে পাকিস্তান আরও বেশিকরে সমস্যায় জর্জরিত হচ্ছে। দেশদ্রোহের অভিযোগে একটি আসনে নির্বাচনের মনোনয়ন বাতিল হওয়ার পরও মোশাররফ নির্বাচন করবেন বলায় নির্বাচনী প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। মোশাররফের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারে গঠিত তিন সদস্যের বেঞ্চ শুনানি শুরুর পরপরই মোশাররফের বিদেশগমনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।একদিক থেকে এসব বিষয় পাকিস্তানকে ভেতর থেকে ফেটে পড়ার মুখে ফেলেছে। নির্বাচনের ঘোষণা এবং মোশাররফের প্রত্যাবর্তনের পরের পরিস্থিতি দীর্ঘদিন ভুলে থাকা জিয়াউল হকের জমানার কথা মনে করাচ্ছে। দেখা যাক, আগামী নির্বাচনে জনগণ যে নেতাদের নির্বাচিত করবে, তারা কি জিয়াউল হক যুগের অনিশ্চয়তা টেনে আনবে, নাকি তা ভেঙে বেরিয়ে যাবে। কোনো সন্দেহ নেই যে বিভিন্ন দলের দিক থেকে টানাটানি ছিল এবং মনে হচ্ছিল সব দলের কাছে গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। অথচ দেখা গেল, ঘটনাক্রমে সাবেক বিচারপতি হাজার খান খোসোকেই মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হলো। তাহলেও এটা ভাবার কারণ নেই যে এ কারণেই পাকিস্তানের আগামী নির্বাচন নিরপেক্ষ হবে। পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ কায়ানি প্রতিশ্রুতি দিয়েছেন যাতে নির্বাচন স্বাধীনভাবে হয়। যদিও এটা খুবই বিস্ময়কর যে সেনাবাহিনীই চাইছে স্বচ্ছ নির্বাচন। কিন্তু এটা এখন সবাই জানে, দেশের ওপর যথেষ্ট প্রভাব থাকা সত্ত্বেও পাকিস্তানের সেনাবাহিনী নির্বাচনে হস্তক্ষেপ করবে না। তার পরও এটা মনে করার কোনো কারণ নেই যে পাকিস্তানের জাতীয় পরিষদের সব সদস্যই স্বচ্ছভাবে নির্বাচিত হবেন। অতীতে এমন কোনো উদাহরণ নেই এবং ভবিষ্যতে এমনটা ঘটার প্রতিশ্রুতি কেউ দিতে পারে না। এরই মধ্যে মোশাররফের ঘোষণা নির্বাচন কমিশনকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে তিনি খুশিই হবেন। অথচ তিনি ভুলে গেছেন যে নির্বাচনে তাঁর লোকদের জিতিয়ে আনায় তিনি বিভিন্ন রকম কৌশল নিয়েছিলেন। নিজের প্রার্থিতা বাতিল হলেও মোশাররফের তাঁর ঘনিষ্ঠদের জিতিয়ে আনতে কিছু পদ্ধতির (সেনাবাহিনীকে ব্যবহারও হতে পারে) আশ্রয় নেওয়ার সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না।এটা খুবই অদ্ভুত ব্যাপার, পাকিস্তানে পৌঁছেই মোশাররফ ঘোষণা করেছিলেন যে কারগিল যুদ্ধ ছিল ‘পাকিস্তানের সেনাবাহিনীর বিজয়’। এটা বোধগম্য যে মোশাররফ সেনাবাহিনীর খাতির পাওয়ার জন্যই এ কথা বলেছেন। কিন্তু ঘটনা হলো, কারগিলে পাকিস্তানি বাহিনী শোচনীয় পরাজয় বরণ করেছিল। বাস্তবতাকে অস্বীকারের এই প্রবণতা মোশাররফকে কেবল মিথ্যা দাবিই করায়নি, সেই একই প্রবণতার বশে তিনি আবার নির্বাচনে দাঁড়াতে এসেছেন। মানুষ জানে, কারগিলে কারা জিতেছে এবং মোশাররফ যত চড়া গলাতেই দাবি করুন না কেন, সত্য তাতে বদলাবে না। মোশাররফের অজনপ্রিয়তা পরিমাপ করা যায় একটি ঘটনা থেকে। চার বছরের প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা মোকাবিলা করতে গেলে এক আইনজীবী তাঁর মাথার দিকে জুতা ছুড়ে মারেন। তবে এ ধরনের বিড়ম্বনা তাঁর জীবনে এটাই প্রথম নয়। দুই বছর আগে ব্রিটেনে এক সভায় বক্তৃতা করার সময় এক ব্যক্তি তাঁর দিকে এভাবে জুতা ছুড়ে মেরেছিলেন। পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত লে. জেনারেল শহীদ আজিজ একটি বই লিখে মিথ্যার গুমর উন্মোচন করে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ‘আমাদের ছেলেমেয়েদের গুলির সামনে দাঁড় করিয়ে দিয়েছে।’ কিন্তু বিষয় হলো, মোশাররফ বাস্তবতা ঘটনাগুলোকে জটিল করে ফেলতে পারে। মোশাররফকে পাকিস্তানে ফিরিয়ে আনার উদ্দেশ্য নয় কি ইমরান খানের উত্থান মোকাবিলা করা? যখন মনে হচ্ছিল, ইমরানের তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাবে, ঠিক তখনই মোশাররফকে এনে ইমরানকে পিছিয়ে দেওয়া হলো না?অতীতের রাজনৈতিক চেহারাই হয়তো আগামী নির্বাচনের পরও বিরাজ করতে থাকবে। পাঞ্জাব সম্ভবত নওয়াজ শরিফের মুসলিম লিগের দিকে যাবে আর সিন্ধু যাবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাস্তায়। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ হয়তো আবারও আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) হাতেই থাকবে। স্বাধীনতাসংগ্রামের যুগে খান আবদুল গাফফার খানের হাত ধরে এই দলটি বামপন্থী হয়ে উঠেছিল। চতুর্থ প্রদেশ বেলুচিস্তান সোজাসুজি পিপিপির বিরুদ্ধে। সুতরাং অনেকেই সেখানে এএনপিকে ভোট দেবে, অথবা যারাই আত্মপরিচয়ের লড়াই লড়ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, তাদেরই তারা সমর্থন করবে।এই প্রেক্ষাপট ভারতের জন্যও কোনোভাবেই সুখকর নয়। বাস্তবে, পাকিস্তান দিনকে দিন আরও অন্ধকারের দিকেই যাচ্ছে। প্রথমে, পাকিস্তানি সেনারা দুজন ভারতীয় সেনার মাথা কেটে নিয়েছে এবং এখন ভারতীয় বন্দীদের পিটিয়ে মেরে ফেলছে। তাদের প্রতি বর্ণবাদী গালিগালাজ করা হচ্ছে। সত্যিকারভাবে, পাকিস্তানকে সভ্য দেশ হতে হলে সংখ্যালঘুদের সমস্যা সবার আগে দূর করতে হবে। ইংরেজি থেকে অনূদিতকুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।