এ কথা স্বীকার করতে হবে যে পাকিস্তানের রাজনীতিতে আকস্মিকতা আছে। লিয়াকত আলী খানের মৃত্যুই হোক অথবা আইয়ুব খানের ক্ষমতা গ্রহণ, ১৯৭০ সালের নিরপেক্ষ, সর্বজনগৃহীত নির্বাচনই হোক অথবা ফাঁসির মঞ্চে ভুট্টোর অন্তর্ধান; জিয়াউল হক, পারভেজ মোশাররফ, বেনজির ভুট্টো এবং অবশেষে মি. টেন পার্সেন্ট খ্যাত আসিফ আলী জারদারি; পাকিস্তানের রাজনীতির রঙ্গমঞ্চে সবার আসা আর যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে আকস্মিকতা। তারপর রাজনীতির ময়দানে তেহিরকে ইনসাফের প্যাড পরিহিত ক্রিকেট হিরো ইমরান খান। কিন্তু এসব কিছুকেই আকস্মিকতায় ছাড়িয়ে গেছে এই জানুয়ারিতে মোহাম্মদ তাহির-উল-কাদরির আবির্ভাব। কে এই ৬১ বছর বয়সের কানাডার টরন্টো-প্রবাসী পাকিস্তানি?তিনি পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) নামের একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। রাজনীতির প্রত্যাশিত লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল। কিন্তু তাহির-উল-কাদরির ক্ষেত্রে মনে হচ্ছে যে এই রাজনীতিকের লক্ষ্য হচ্ছে আদর্শিক আশার বাণী শুনিয়ে পাকিস্তানের আপামর জনসাধারণের রাজনৈতিক মনমানসিকতা ও দৃষ্টিভঙ্গি বদল। বেশ কটি বছর ধরেই, বিশেষ করে তালেবানের আবির্ভাবের পর থেকে, ধর্মান্ধতা, সন্ত্রাস, সহিংসতা আর অসহিষ্ণুতা পাকিস্তানের রাজনীতির সব অঙ্গনেই দৃশ্যমান। কিন্তু মোহাম্মদ তাহির-উল-কাদরি আবির্ভূত হলেন নির্বাচনের নীতিমালা সংস্কারের মাধ্যমে একটি ‘গণতান্ত্রিক বিপ্লব’-এর বাণী নিয়ে। গত সাতটি বছর কানাডার টরন্টোয় বসে থাকেননি মানুষটি। তিনি ধর্মীয় উদারতা এবং আধুনিকতার বাণী নিয়ে বিশ্বময় ঘুরে বেড়িয়েছেন। মোহাম্মদ ইকবাল, ইবনে আরাবি, জালালুদ্দিন রুমি, আবদুল কাদের জিলানি প্রমুখ সুফির দ্বারা প্রভাবান্বিত হয়ে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে ৬০০ পৃষ্ঠার একটি বিরাটাকায় ফতোয়া প্রণয়ন করেছেন, যার প্রধান কথাই হলো সন্ত্রাস আর সহিংসতার কোনো স্থানই ইসলামে নেই। এই বাণী নিয়ে তিনি গত বছরের এমনি দিনে চার সপ্তাহ ধরে গুজরাটসহ ভারতময় ঘুরে বেড়িয়েছেন, তাঁর উদারতার বাণী সেখানে মানুষকে আকৃষ্ট করেছে। তাঁর কথা হচ্ছে, একটি মুসলমানপ্রধান দেশে তাঁর কাম্য মানুষের স্বাধীনতাকে স্বীকার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার, সামাজিক কল্যাণ এবং নারী ও সংখ্যালঘুদের সর্বপ্রকার অধিকার নিশ্চিত করা। তিনি ২০১১ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ নিয়ে কথা বলেছেন, ২০১২ সালে তাঁকে সিএনএন আইবিএন ‘বিশ্ব শান্তির দূত’ হিসেবে আখ্যায়িত করেছে। তিনি ইসলামকে সন্ত্রাসের প্রভাব থেকে মুক্ত করার জন্য নিবেদিতপ্রাণ। তিনি বলেছেন, ‘আমি সন্ত্রাসীদের মানবতাবোধের দিকে নিয়ে আসতে চাই। আমার জেহাদ হচ্ছে নৃশংসতার বিরুদ্ধে, স্বাভাবিকতার পরিবেশ সৃষ্টিতে। আমার জেহাদ হচ্ছে বুদ্ধিবাদিত্বের।’তাঁর জীবনের প্রথমাংশের দিকে তাকাই। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নিয়ে আইন ব্যবসায় ছিলেন, তারপর পিএইচডি ডিগ্রি অর্জন করে ইসলামিক আইনের অধ্যাপনা করেছেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ, মার্কিন ও ইসলামিক সংবিধান পড়িয়েছেন। ১৯৮১ সালে তিনি ‘মিনহাজুল কোরান’ বলে একটি সংস্থা স্থাপন করেন, যার উদ্বোধন করেন স্বনামধন্য সুফিসাধক তাহির আলাউদ্দিন। এই সংস্থার উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় উদারতা, কার্যকর ও বিচক্ষণ শিক্ষা, আন্তধর্মীয় মতবিনিময় এবং সুফি মতবাদনির্ভর ইসলামের ব্যাখ্যা। গত ৩০ বছরে ৯০টি দেশে এর শাখা স্থাপিত হয়েছে এবং ইউনেসকো এই সংস্থাকে একটি বিশেষ স্বীকৃতি দিয়েছে।পাকিস্তানের রাজনৈতিক দিগন্তে এই বছরের জানুয়ারি মাসেই তাঁর অকস্মাৎ আবির্ভাব ঘটল ধূমকেতুরই মতো। তিনি পাকিস্তানে এলেন, তাঁর ডাকে ইসলামাবাদের প্রশস্ত রাজপথগুলো পূর্ণ হয়ে গেল মানুষে আর মানুষে, অধিকাংশই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত মানুষ; যাদের কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদী রাজনীতি, দুর্নীতি, কুশাসন আর ধ্বংসমুখী অর্থনীতি অসহনীয় হয়ে উঠেছিল। তিনি এমনই সময় ডাক দিলেন, যখন পাকিস্তানের বিচার বিভাগ আর প্রশাসন অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। জারদারি সরকারের জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে শূন্যের কোঠায় আর নওয়াজ শরিফের বিরোধী দল স্থবির। ইমরান খান তাঁর তেহিরকে ইনসাফের প্যাডটি পরে ব্যাটিং করছেন বটে, তবে তিনি ক্ষমতায় এসে কি দেশ চালাতে পারবেন? মানুষের কাছে কিছু স্লোগান ছাড়া তাঁর নতুন কী বলার আছে? তাঁর আদর্শিক অবস্থান কী? অথচ তাহির-উল-কাদরি অর্থবহ কথা বলছেন, সন্ত্রাসী ইসলামের স্থানে উদার আর সহনশীল ইসলামের কথা বলছেন, মানুষের মনের কথা বলছেন। তাই তো তাহির-উল-কাদরির ডাকে ইসলামাবাদের পার্লামেন্টের সামনে বসে পড়ল সহস্র সহস্র মানুষ। যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হয়েছে, ওঠার নামটিও নেই তাদের। পুরো চারটি দিন। পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ১৪ জানুয়ারি ২০১৩-তে কাদরি বললেন, ‘এখানে কোনো পার্লামেন্ট নেই। রয়েছে কিছু লুটেরা, চোর আর ডাকাত। আমাদের আইন প্রণয়নকারীরা আসলে আইন ভঙ্গকারী।’তারপর কিছু দাবি পেশ করলেন তাহির-উল-কাদরি। মনে হলো, পার্লামেন্টের সামনের সুবিশাল অঙ্গনটিকে তিনি ‘তাহির স্কয়ারে’ পরিণত করতে পারঙ্গম। মনে হলো আরব বসন্তের মতো ইসলামাবাদের প্রচণ্ড শীতেও রাজনৈতিক বসন্ত বুঝি নামে। অস্থির সরকার। তাহির-উল-কাদরির সঙ্গে ১১ সদস্যের সরকারের একটি দল আলাপ-আলোচনায় নামল। কী স্থির হলো তাতে?১৬ মার্চ ২০১৩ সালে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। তার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) এবং সরকার ‘কেয়ারটেকার’ প্রধানমন্ত্রী হিসেবে দুজন সৎ ও নিরপেক্ষ মানুষের নাম প্রস্তাব করবে। ২৭ জানুয়ারি পাকিস্তান আওয়ামি তেহরিক এবং সরকার নির্বাচন কমিশনে পরিবর্তন আনয়নে আলোচনায় বসবে। কাদরির কোনো অনুগামীর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না—এই চুক্তি সই করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আর তাহির-উল-কাদরি। নির্বাচন তো এমনিতেই হতো, সরকার তো সরকারের স্থানে রয়েই গেল। তাহলে তাহির-উল-কাদরির সাফল্যটি কোথায়? তাঁর সাফল্য হলো এই যে, তিনি তাঁর দলটিকে নওয়াজ শরিফ অথবা ইমরান খানের দলগুলোর সমতুল্য কিংবা তার চেয়েও বড় আসনে নিয়ে গেলেন। আর তার চেয়েও বড় কথা, মনে হচ্ছে তাঁর উদারপন্থী ইসলামি মতবাদ, আল-কায়েদার অনুসারী চরমপন্থীদের স্থলাভিষিক্ত হতে পারার শক্তি রাখে। এই আদর্শিক অবস্থান হয়তো বা পাকিস্তান সশস্ত্র বাহিনীরও মনঃপূত হবে। ‘কেয়ারটেকার’ সরকার গঠিত হোক, প্রধানমন্ত্রীর নিযুক্তি হোক, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হোক, পাকিস্তানে একটি সুষ্ঠু নির্বাচনভিত্তিক সরকার গঠিত হোক।আর যদি না হয়, তাহির-উল-কাদরির অনুসারীরা হারিয়ে তো যায়নি। বাড়ি গেছে মাত্র। আবার ডাক এলে, আবার তারা জোট বাঁধবে, জড়ো হবে, বসে পড়বে পার্লামেন্টের আঙিনায়, অনড়। তাহির-উল-কাদরি ইসলামাবাদের শীতে যদি রাজনৈতিক বসন্তের ফুল প্রস্ফুটিত করাতে পারেন, প্রয়োজন হলে বসন্তে তা তিনি করতে পারবেন নিশ্চয়ই।ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব। কলাম লেখক।[email protected]