পাকিস্তানে এখনো এমন লোকের অভাব নেই, যারা একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে। পাকিস্তানের সরকারের ভেতরেও এমন লোকের অভাব নেই, যারা মনে করে একাত্তরের ঘটনাবলির জন্য তারা অনেকবার দুঃখ প্রকাশ করেছে, নতুন করে ক্ষমা চাওয়ার কিছু নেই। উদাহরণ হিসেবে পাকিস্তান ডিফেন্স মনিটরিং ইউনিট নামে পাকিস্তান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি ব্লগের কথা বলব। এই ব্লগের প্রধান কাজ ভারতকে গাল দেওয়া, মাঝেমধ্যে আমেরিকার বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া ও পাকিস্তান সেনাবাহিনীর ‘মাহাত্ম্য’ বিষয়ে ইনিয়ে-বিনিয়ে গল্প ফাঁদা। এই ব্লগের একটি সাম্প্রতিক সংখ্যায় অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছর পর ভারতের বর্তমান রাষ্ট্রপতিসহ প্রায় ১৫০ ব্যক্তিকে ‘তথাকথিত স্বাধীনতাযুদ্ধে’ অবদানের জন্য সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। খুবই নির্বোধের মতো কাজ। এই ব্লগের তার চেয়েও বড় আপত্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের কাছে ‘ক্ষমা প্রার্থনার’ যে দাবি তুলেছেন তা নিয়ে। পাকিস্তান ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি ইসলামাবাদে ডি-৮-এর সম্মেলনে আসতে অস্বীকৃতি জানিয়েছেন, সে কারণে ব্লগের লেখক গভীর দুঃখ ও উষ্মা প্রকাশ করেছেন। তাঁর দাবি, ক্ষমা প্রার্থনার বিষয় তো অনেক আগেই চুকেবুকে গেছে। এখন আবার তা নিয়ে কথা বলা কেন? লেখক যুক্তি দেখিয়েছেন, পাকিস্তান একাত্তরের ঘটনাবলি সরকারিভাবে তদন্ত করে দেখেছে, সে যুদ্ধে মোটেই ৩০ লাখ লোক মারা যায়নি। সে কথা যে সত্যি, তার প্রমাণ হিসেবে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও স্বীকার করেছেন, একাত্তরে অত লোক মারা যায়নি। ব্লগে বলা হয়েছে, সে সময় মুক্তিবাহিনীর হাতে পশ্চিম পাকিস্তানিরাও হতাহত হয়েছে। বাংলাদেশকেও সেই হত্যার জন্য ক্ষমা চাইতে হবে।কোন পাকিস্তানি লোক কোন ব্লগে কী বলল, তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একাত্তরে মুক্তিবাহিনীর হাতে সামরিক প্রতিরোধে পশ্চিম পাকিস্তানিরা নিহত হয়েছে, এ কোনো নতুন কথা নয়। একদিকে সামরিক আগ্রাসন, অন্যদিকে জনযুদ্ধ ও প্রতিরোধ, এই দুইকে যে এক পাল্লায় রাখা যায় না, সে বোধ যাদের নেই তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারও যখন একই রকম অসৌজন্য দেখান, তখন উদ্বিগ্ন হতে হয়। হিনা রাব্বানি ডি-৮ সম্মেলনে প্রধানমন্ত্রীকে দাওয়াত করতে ঢাকায় এসেছিলেন। তিনিও ক্ষমার প্রশ্নটি তুড়ি মেরে উড়িয়ে দেন। তাঁর যুক্তি, পাকিস্তান অনেকবার দুঃখ প্রকাশ করেছে। সে প্রশ্ন বাদ দিয়ে দুই দেশের উচিত হবে সামনে এগোনোর কথা ভাবা—তিনি উপদেশ দিয়েছেন।সামনে এগোনো নিয়ে কোনো পক্ষেরই আপত্তি নেই, কিন্তু সামনে এগোতে হলে কখনো কখনো পেছন ফিরে তাকাতে হয়। একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনার দাবি বাংলাদেশের জন্য একটি নীতিগত অগ্রাধিকার। স্বাধীনতার পর গত চার দশক ধরে প্রায় সব সরকারই ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে, কখনো সরবে, কখনো কিঞ্চিৎ চিঁ চিঁ স্বরে। সে দাবির জবাবে আনুষ্ঠানিকভাবে, আইন পরিষদে প্রস্তাব গ্রহণের মাধ্যমে পাকিস্তান কখনোই ক্ষমা চায়নি। ঠিক যেভাবে মার্কিন কংগ্রেস এক সর্বসম্মত প্রস্তাবে দাসপ্রথার জন্য এ দেশের কৃষ্ণাঙ্গদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। অথবা কানাডা ও অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সেসব দেশের আদিবাসীদের প্রতি বৈষম্য ও বঞ্চনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। শুধু ক্ষমা চাওয়াই নয়, এই দুই দেশ আদিবাসীদের ক্ষতিপূরণের দাবিও মেনে নিয়েছে। অন্যদিকে পাকিস্তান বড়জোর দেঁতো হাসি দিয়ে ‘দুঃখ প্রকাশ’ করে ‘ফরগিভ অ্যান্ড ফরগেট’-এর নীতিবাক্য শুনিয়েছে।একাত্তরের প্রশ্নে পাকিস্তানের সঙ্গে আমাদের মতান্তর তিনটি বিষয় নিয়ে—একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, একাত্তর-পূর্ব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের স্বদেশে প্রত্যাবর্তন। ১৯৭৪ সালে ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়, তার কোথাও এই তিনটি প্রশ্নের কোনোটিই স্থান পায়নি। এই চুক্তিপত্রের মূল বিষয় ছিল ভারতে আটক পাকিস্তানি যুদ্ধবন্দীদের প্রত্যর্পণ। আমরা জানি, সে চুক্তি মোতাবেক বাংলাদেশ পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি কার্যত তুলে নেয়, ভারত থেকেও সব বন্দী পাকিস্তানি সেনা দেশে ফিরে যায়। তাহলে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনার কী হলো? ১৯৭৪ সালের ৯ এপ্রিল ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষরের পর যে যৌথ বিবৃতি গৃহীত হয়, তাতে পাকিস্তানি প্রতিনিধিদলের প্রধান আজিজ আহমদের বরাতে বলা হয়, তাঁর সরকার (অর্থাৎ পাকিস্তান) একাত্তরে যে অপরাধ ‘হয়তো সংঘটিত হয়েছে’ তার প্রতি নিন্দা ও দুঃখ প্রকাশ করে (হিজ গভর্নমেন্ট কনডেমন্ড ডিপলি এনি ক্রাইম দ্যাট মে হ্যাভ বিন কমিটেড)। অর্থাৎ ‘অপরাধ’ হলেও হয়ে থাকতে পারে। হয়ে থাকলে পাকিস্তান তার জন্য দুঃখিত, আর না হলে তো কথাই নেই। সোজা কথায়, ‘ধরি মাছ না ছুঁই পানি’ জাতীয় কথার মারপ্যাঁচে পাকিস্তান ক্ষমা প্রার্থনার ব্যাপারটি ইতি টানার চেষ্টা করে।তারপর আরও দুবার পাকিস্তান সরকারি পর্যায়ে একাত্তরের গণহত্যার জন্য ‘দুঃখ প্রকাশ’ করে, উভয়বারই তারা গণহত্যা শব্দটি এড়িয়ে যায়। ১৯৭৪ সালে জুনের শেষ সপ্তাহে ঢাকায় সরকারি সফরে আসেন পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। সে সময় তাঁর সম্মানে প্রদত্ত এক নাগরিক সংবর্ধনায় ভুট্টো বলেছিলেন, ‘একাত্তরে বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে, তার জন্য আমি শোক প্রকাশ করছি।’ একই সভায় তিনি ‘মহানবীর নামে আপনাদের কাছে তওবা করছি’ বলে বিলাপও করেন। নিউইয়র্ক টাইমস তাঁর সেই কুম্ভীরাশ্রুকে ‘ভুট্টোর ক্ষমা প্রার্থনা’ শিরোনামে প্রথম পাতায় এক প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু ভুট্টো তাঁর ভাষণের কোথাও একবারের জন্য গণহত্যা শব্দটি ব্যবহার করেননি, এমনকি ক্ষমা প্রার্থনার কথাও উল্লেখ করেননি।অন্য যে পাকিস্তানি সরকারপ্রধান একাত্তরের গণহত্যার জন্য ‘দুঃখ প্রকাশ’ করেন, তিনি হলেন সাবেক সামরিক একনায়ক জেনারেল পারভেজ মোশাররফ। ২০০২ সালের জুলাই মাসে ঢাকায় সরকারি সফরে এসে মোশাররফ সাভার জাতীয় স্মৃতিসৌধের মন্তব্য খাতায় লিখেছিলেন, ‘আপনাদের পাকিস্তানি ভাই ও বোনেরা একাত্তরের ঘটনাবলির জন্য আপনাদের বেদনার সাথে একাত্মতা বোধ করে। সেই দুর্ভাগ্যজনক সময়ে যে মাত্রাতিরিক্ত ঘটনা ঘটে, তা দুঃখজনক।’ পরে রাষ্ট্রীয় ভোজে ভাষণ দিতে গিয়ে মোশাররফ তাঁর দুঃখের কথা পুনর্ব্যক্ত করেন, সঙ্গে এই কথা যোগ করেন যে, ‘এই ট্র্যাজেডি, যা আমাদের দুই দেশের ওপর ক্ষতচিহ্ন রেখে গেছে, তার জন্য আমরা দুঃখিত।’মোশাররফের এই দুঃখ প্রকাশকে সে সময় বাংলাদেশের অনেকেই একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা বলে তাঁকে বাহবা দিয়েছিলেন। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। সেই রাষ্ট্রীয় ভোজসভায় মোশাররফের ভাষণের জবাবে খালেদা জিয়া বললেন, ‘একাত্তরের ঘটনাবলির জন্য এমন খোলামেলা বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। এই বক্তব্য, কোনো সন্দেহ নেই, পুরোনো ক্ষত মিটাতে সাহায্য করবে। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভাইয়ের মতো একযোগে কাজ করতে চাই।’কী আশ্চর্য, এক জেনারেল এসে একাত্তরের গণহত্যাকে ‘দুঃখজনক ঘটনাবলি’ বলে লেকচার দিয়ে গেলেন, আর আমরা তাতেই খুশিতে ডগমগ হয়ে উঠলাম। ১০ বছর পর ঢাকায় এসে হিনা রাব্বানিও তো সে কথা বলে গেলেন। না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর সে কথায় হাততালি দেওয়ার কোনো প্রয়োজন দেখেননি। খোদ পাকিস্তানের ভেতরেই অনেকে মোশাররফের দুঃখ প্রকাশ যথেষ্ট নয় বলে তাঁর সমালোচনা করেছিলেন। পাকিস্তানের বেসরকারি মানবাধিকার কমিশন সে সময় পত্রিকার পাতায় পূর্ণ পাতা বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিল, মোশাররফ দুঃখ প্রকাশ করে ঠিক করেছেন, কিন্তু শুধু দুঃখ প্রকাশই যথেষ্ট নয়। পাকিস্তানের ৫১টি সুশীল সমাজভুক্ত প্রতিষ্ঠান সে সময় এক যৌথ বিবৃতিতে জানায়, একাত্তরে বাংলাদেশে যা ঘটেছে তা গণহত্যা। মোশাররফের দুঃখ প্রকাশের ভেতর দিয়ে সেই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনার অনুভূতি প্রকাশিত হলেও তা যথেষ্ট নয়। পাকিস্তান এখনো পুরোপুরি ক্ষমা প্রার্থনা করেনি।গত বছরের মার্চে, ঢাকার বিশ্বকাপ ক্রিকেট চলছিল যখন, ইমরান খানও বলেছিলেন, ১৯৭১ সালে সামরিক অভিযানের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনা করা উচিত। তাঁর যুক্তি অবশ্য ছিল ভিন্ন। ‘বাংলাদেশ আমাদের অর্থাৎ পাকিস্তানিদের ভীষণ ভালোবাসে। ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলায় তারা পাকিস্তানকেই সমর্থন করবে। অতএব, একাত্তরের সামরিক অভিযানের জন্য পাকিস্তানের উচিত সরকারিভাবে ক্ষমা চাওয়া।’ লক্ষ করুন, ইমরানও গণহত্যার কথা মুখে আনেননি। আমাদের দেশে অনেকে যেমন একাত্তরের ঘটনাকে ‘গন্ডগোলের সময়’ বলে চালিয়ে দিতে চান, ইমরানও অনেকটা সে রকম ‘সেনা অভিযান’ বলে পাশ কাটাতে চেয়েছেন।তবে ভিন্ন কথা বলেন, এমন লোকও পাকিস্তানে আছেন। তাঁদের একজন সাংবাদিক আকিল খান, করাচির ডন পত্রিকায় তিনি লিখেছিলেন, ‘সবাই বলছে, সময় এসেছে ক্ষমা করার ও পুরোনো ঘটনা ভুলে যাওয়ার। আমাদের ক্ষমা করা হবে কি না, সে সিদ্ধান্ত নিতে পারে শুধু বাংলাদেশের মানুষ। কিন্তু ভুলে যাওয়ার যে কথা বলা হচ্ছে, তার জবাবে বলা যায়, বাংলাদেশ সে ঘটনা কখনোই ভুলবে না, আর আমাদের (পাকিস্তানিদের) তা কখনোই ভুলে যাওয়া উচিত হবে না। ১৯৭১-এর ঘটনাবলির পেছনে যে সত্য নিহিত, তা এখনো আমাদের চৈতন্যে প্রবেশ করেনি, অথবা তা আমাদের সম্মিলিত স্মৃতিসত্তার অন্তর্ভুক্ত হতে দেওয়া হয়নি। আর সে জন্য প্রয়োজন সে সময় কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, তা উপলব্ধি করা। যাতে এ ঘটনা আর কখনো না ঘটে, তা নিশ্চিত করতেই দরকার এই উপলব্ধির।’আমার মনে হয়, আকিল খান ঠিকই বলেছেন। ক্ষমা প্রার্থনার বিষয়টি পাকিস্তানিদের নিজেদের দায়ভার, তাদের চৈতন্যের শুদ্ধির জন্য প্রয়োজন এই ক্ষমা প্রার্থনার। প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে সামনে তারা কাকে দেখে—একজন খুনিকে, নাকি ঘাতকের অনুতপ্ত উত্তরসূরিকে?—এ প্রশ্নের জবাব কেবল তারাই দিতে পারবে। এ নিয়ে তাই আমার কোনো দাবি নেই, কোনো উদ্বেগও নেই। আমার সরকার এ নিয়ে শোরগোল বাধাক, আমি তা-ও চাই না।কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও বলি, ক্ষমা ভিক্ষার আগ পর্যন্ত সে ঘাতককে ঘৃণার অধিকারও আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কোনো শুকনো দুঃখ প্রকাশ, বা আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার ফলে একাত্তরের বিভীষিকা আমরা ভুলব না। একাত্তরের সেসব ঘাতককেও আমরা কখনো ক্ষমা করব না। তবে আমি এ কথাও মানি, বাংলাদেশ ও পাকিস্তান—উপমহাদেশের এই দুই দেশ যদি একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাতে উভয়েরই লাভ। কিন্তু সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্জনের লক্ষ্যে সামনে এগোতে হলে পিছে ফিরে তাকাতেই হবে। পাকিস্তানিদের হাতে এখনো যে রক্তের দাগ, তা স্বীকার না করে এগোনোর সব চেষ্টা ব্যর্থ হতে বাধ্য।নিউইয়র্ক হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।