শৌখিন পাখির খামার গড়ে নিজের ভাগ্য বদল করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার গ্রামের তরুণ আরিফুল ইসলাম। চার বছর আগে শুরু করেছিলেন পাখি পোষা। এতে বাবার বাধার মুখেও পড়েছিলেন তিনি। একসময় তাঁর মাথায় আসে বাণিজ্যিকভাবে পাখির খামার গড়ে তোলার বিষয়টি। সেই চিন্তা তাঁকে একজন সফল উদ্যোক্তায় পরিণত করেছে। আরিফুলের সফলতায় উৎসাহিত হয়ে আশপাশের কয়েক তরুণ পাখির খামার গড়ে তুলেছেন।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে সয়ার ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে আরিফুলের বাড়ি। ভাইয়ের কিনে দেওয়া তিন জোড়া শৌখিন পাখি দিয়ে পাখি পালন শুরু করেছিলেন। ছয় মাস পর যোগ হয় নতুন আরও দুই জোড়া পাখি। এরপরই শুরু হয় ডিম দেওয়া। পাঁচ জোড়া পাখি এক বছরে হয়ে দাঁড়ায় ২০ জোড়ায়। আরিফুল গড়ে তোলেন পাখির খামার। এখন তিনি পুরোদস্তুর খামারি। বর্তমানে প্রতি মাসে পাখি বিক্রি করে তাঁর আয় হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। তাঁর দেখানো পথে গ্রামের তরুণেরা বাণিজ্যিকভাবে পাখি পালন শুরু করেছেন।
অথচ আরিফুলের এই সফল উদ্যোক্তা হওয়ার আগে তাঁর জীবনের গল্পটা মসৃণ ছিল না। ২০১১ সালে মাস্টার্স শেষ করার পর চাকরির জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে তাঁকে। পাবনায় বেড়াতে গিয়ে পাখির খামার দেখে তাঁর মধ্যে আগ্রহ জন্ম নেয়। সেই আগ্রহ থেকেই শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানো। আরিফুলের খামারে বর্তমানে বাজরিকা, ফিঞ্চ, মুনিয়া, ডায়মন্ড ডোভ জাতের পাখি রয়েছে। সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে ডিম থেকে বাচ্চা ফোটানোর পর তা বড় করা হয়। এরপর বয়স অনুযায়ী বিক্রি করা হয় বিভিন্ন দামে। সেগুলো বিক্রির জন্য তাঁকে ভাবতে হয় না। পাইকারেরা খামারে এসে পাখি কিনে নিয়ে যান।
আরিফুলকে দেখে ওই গ্রামের আরও চার তরুণ পাখির খামার করে বেকারত্ব ঘুচিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুলের উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আরিফুল ইসলাম আদর্শ খামারি। তিনি নিভৃত পল্লিতে শৌখিন পাখি পালন করে যে সাফল্য অর্জন করেছেন, তা অবিশ্বাস্য।’ শৌখিন পাখির খামার গড়ে আরিফুলের এই ভাগ্যবদলের ঘটনা দেশের শিক্ষিত বেকার অনেক তরুণের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। পরিশ্রম, লেগে থাকা আর উদ্যম থাকলে সফলতা আসবেই।