পাগলের গো-বধে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন বাংলার হিন্দুসমাজের একটি প্রবচন: পাগলের গো-বধে আনন্দ। মর্মার্থ হলো—যার মাথার ঠিক নেই সে কী করতে কী করে তা নিজেই জানে না। যে গো-দেবতা পূজ্য, তাঁকে পর্যন্ত হত্যা করে তার সীমাহীন আনন্দ। তবে পৃথিবীতে এমন দেশও আছে, যেখানে মোটেই পাগল নন এমন ব্যক্তিরাও মানুষ বধ করে আনন্দ পান। সে মানুষও একজন বা দুজন নয়—অসংখ্য। বর্তমান সময়ে এমন কিছু কিছু অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত কাজ আমাদের রাষ্ট্র অবলীলায় করছে, যা পাগলের গো-বধের সঙ্গেই শুধুই তুলনীয়। মানুষ পাগল হলে তার জন্য পাগলাগারদ আছে, তাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখলেও চলে; কিন্তু কোনো দেশের সরকারের যদি মাথায় গোলমাল দেখা দেয়, তার জন্য প্রকাণ্ড পাগলাগারদ পাওয়া যাবে কোথায়? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে দশা, তার জন্য শুধু রাজনীতিকে দায়ী করা যায় না। যেসব দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, দেখা গেছে, সেখানে অনেক আগেই সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার হয়েছিল। সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের পরেই কেবল হয়েছে রাজনৈতিক আন্দোলন। তারপর হয়েছে ধর্মীয় ও অর্থনৈতিক সংস্কার। বাংলাদেশে তা হয়নি। এ দেশে কোনো সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন শুরু হয়নি।আমাদের বড় নেতারা রাষ্ট্রক্ষমতা পাওয়ার জন্য করেছেন রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম। কংগ্রেস-মুসলিম লীগের পরে নেতৃত্বে আসে আওয়ামী লীগ পঞ্চাশের শুরু থেকে। সব দলের রাজনৈতিক আন্দোলনই হয়েছে সহিংস। কারণ, এ দেশে সহিংসতাই খুব জনপ্রিয়। শান্তিপূর্ণ আন্দোলন লবণ-মসলাবিহীন তরকারির মতো। জনগণ তা খায় না। তা তাদের ভালো লাগে না। এ জন্য আজও শান্তিপূর্ণ হরতাল হলে মিডিয়ার মন খারাপ হয়। হতাশার সুরে লেখে বা বলে: নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে সারা দেশে। অথবা প্রাণহীন হরতাল। পুলিশের গুলিতে বা পিকেটারের হাতবোমায় পাঁচ-দশজন নিহত হলে একটা জোরদার প্রতিবেদন করা যায়। মানুষও সে খবর শোনার বা পড়ার জন্য যথেষ্ট সময় নষ্ট করতে উৎসাহী।বিশ্ব সংবাদমাধ্যমে বাংলাদেশ ছিল বহুদিন গুরুত্বহীন। বলতে গেলে অপাঙেক্তয়। আমরা নিজেদের প্রশংসা ও নিজেদের নিন্দা নিজেরাই করতাম। পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা ও রেডিও-টিভিতে বাংলাদেশের খবরাখবর প্রচারিত হতো অতি অল্প। ২০০২ থেকে বাংলাদেশ নিয়ে লেখালেখি হতে থাকে। সব লেখাই নেতিবাচক। বিএনপি-জামায়াতের চারদলীয় জোট ছিল ক্ষমতায়। ধর্মান্ধ মৌলবাদীরা পাচ্ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। ফলে মৌলবাদীরা বাড়াবাড়ি করতে সাহস পাচ্ছিল। আর বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তি এতটাই শক্তিশালী যে তারা আস্ফাালন করলেও বেশি দূর যাওয়ার ক্ষমতা রাখত না। তা সত্ত্বেও কিছু কিছু আন্তর্জাতিক মাধ্যম প্রচার করতে থাকে যে বাংলাদেশ ইসলামি জঙ্গিবাদের লীলাভূমি হতে যাচ্ছে। কিছু কিছু রচনা ছিল নিতান্ত উদ্দেশ্যমূলক। অতিরঞ্জিতও বটে। উদ্দেশ্য, আতঙ্ক ছড়ানো ও বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি। বাংলাদেশের তখনকার বিরোধী জোট থেকে সেসব রচনা ও রিপোর্টকে শুধু অনুমোদন করা হতো না, স্বাগত জানানো হতো। সরকার ওসব লেখাকে তিন তুড়িতে নাকচ করে দিত। তা করে চারদলীয় সরকার তার নিজের ও দেশের অমঙ্গল ডেকে আনে। ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিস্ট, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, টাইম প্রভৃতি পত্রিকা ও সাময়িকীর বিশ্লেষণমূলক পর্যবেক্ষণকে পাঠকেরা খুবই মূল্য দেয়—যদি একমত না-ও হয়, তবুও। সাম্প্রতিক এসব কাগজে বাংলাদেশ নিয়ে ঘন ঘন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক শক্তির মুখপাত্রের কাজ করে। কারও কোনো মুখপত্র বা মুখপাত্র নিরপেক্ষ হতে পারেন না। নিরপেক্ষ হওয়ার প্রয়োজনও নেই, বস্তুনিষ্ঠ হলেই ভালো। তবে আন্তর্জাতিক মাধ্যমের কোনো প্রতিবেদন বস্তুনিষ্ঠ হোক বা পক্ষপাতদুষ্ট হোক—তা পর্যালোচনা করে দেখা আমাদের সরকারের যাঁরা নীতিনির্ধারক, তাঁদের অবশ্যকর্তব্য। শুধু তাঁদেরও নয়, আমাদের সংবাদমাধ্যমেরও উচিত সেগুলোর বিচার-বিশ্লেষণ করা। যদি তারা ভুল কিছু লিখে থাকে, তা সংশোধনে সঠিক তথ্য ও দলিল-প্রমাণ উপস্থিত করা।গত নির্বাচনে আওয়ামী লীগ ও তার জোটকে সমর্থন দিয়েছেন আনুমানিক ৬০ ভাগ মানুষ। তাঁরা সবাই আওয়ামী লীগের লোক নন। অনেকেই ছিলেন ইসলামপন্থী। ক্ষমতায় গিয়ে সরকারের উচিত ছিল সমর্থকদের হার ৬০ থেকে বাড়িয়ে পাঁচ বছরে ৭০-৭৫ করা। তা করার উপায় হলো, জনগণ যা চায় তাই করা, জনগণ যা অপছন্দ করে তা যতটা সম্ভব না করা। কিন্তু সরকারের নীতিনির্ধারকেরা মনে করলেন, যাঁরা তাঁদের ভোট দিয়েছেন, তাঁরা চিরকাল তাঁদের পক্ষে থাকবেন। শুধু ভোটারের সমর্থন নয়, এই সরকারের আরেকটি সুবিধা ছিল, বহির্বিশ্ব থেকেও তারা আনুকূল্য পেয়েছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এমনকি সমাজতান্ত্রিক বিশ্বের চীন, রাশিয়াও ছিল বন্ধুভাবাপন্ন। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি সরকার। বরং করেছে অপব্যবহার। ফলে ভারত ছাড়া এখন আর কারও সঙ্গেই সম্ভবত সদ্ভাব নেই। কী কী কারণে নেই তা বোঝা যায় আন্তর্জাতিক মাধ্যমের পর্যালোচনাগুলো থেকে।বছর দুই আগে খালেদা জিয়া তাঁর দলের এক প্রতিষ্ঠাবার্ষিকীতে লিখিত বক্তব্যে বলেছেন, বিএনপির অবস্থান বামের ডানে এবং ডানের বামে। তার অর্থ দাঁড়ায় দক্ষিণপন্থীও নয়, বামপন্থীও নয়—তার মাঝামাঝি। মুসলিম জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হলেও, তার ওই বক্তব্য মোটামুটি সঠিক। নির্বাচনের সময় তারা ইসলামি দল ও উপদলগুলোর সমর্থন চায় এবং সমর্থন পায়ও। এই সরকারের আরেকটি আশীর্বাদ ছিল, প্রথম তিন বছর বিএনপি কোনো কঠোর কর্মসূচি দেয়নি। জামায়াতের একা কিছু করার শক্তি ছিল না। ‘সরকারের পদত্যাগ চাই’ অথবা ‘সরকার পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাব’—এসব বায়বীয় কথা ঘরের মধ্যে বসে বা সভা-সমাবেশে বলেছে বটে, কিন্তু কোনো জোরদার কর্মসূচি দেয়নি। ফলে সরকারের হাতে খুব ভালো সুযোগ ছিল নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের চেষ্টা করার। নির্বাচনী অঙ্গীকারের মধ্যে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট সফল। ফলে উগ্র ধর্মীয় সংগঠন ও গোষ্ঠীগুলো নির্জীব হয়ে পড়ে। একটি অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় তা ছিল সবচেয়ে প্রশংসনীয় উদ্যোগ। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন ও বিচারকাজ আরম্ভ ছিল আরেকটি অঙ্গীকার পূরণ। সাধারণ মানুষের তাতে সমর্থন ছিল। বিচার-প্রক্রিয়া নিয়ে বিএনপির প্রতিক্রিয়াশীল অংশটির আপত্তি থাকলেও প্রকাশ্যে তারা উচ্চবাচ্য করেনি। তাদের আপত্তির প্রধান কারণ অভিযুক্তদের প্রায় সবাই চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতা। আত্মরক্ষার জন্য জামায়াত বিএনপির সহায়তা চায় এবং পায়ও। ওই পরিস্থিতিতে সরকারের উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকে খেপিয়ে না তুলে তার সঙ্গে কোনোভাবে সমঝোতা করা। সরকারের বোঝা উচিত ছিল দুটো দলকে একসঙ্গে ঘায়েল করা যাবে না। কোনো কাজ সুচারুরূপে করার জন্য রবীন্দ্রনাথ একটি চমৎকার শব্দ ব্যবহার করেছেন। সেটি হলো, ‘গৃহিণীপনা’। সব কাজেই একটি গৃহিণীপনা থাকা চাই। তাতে কাজটি সুন্দরভাবে শেষ হয়। মহাজোট সরকার গৃহিণীপনার পরিবর্তে গায়ের জোরের নীতিকেই প্রাধান্য দেয়। ফলে দেশে-বিদেশে সরকার সমালোচিত হচ্ছে। তবে বিদেশিরা কী ভাবল, তার চেয়ে বড় কথা দেশের মানুষের মনোভাব কী? তারেক রহমান ও বিএনপির প্রতিক্রিয়াশীল অংশের প্রশ্রয় পেয়ে চারদলীয় জোটের সময় ইসলামি মৌলবাদীরা মাথাচাড়া দেয়। জেএমবিসহ কয়েকটি উগ্রবাদী গ্রুপের উত্থান ঘটে। সমন্বিত সংস্কৃতির দেশ বাংলাদেশের জন্য তা ছিল বিপদ। বাংলাদেশের ইসলামি উগ্রবাদীরা হিন্দু-বৌদ্ধদের প্রতি আক্রমণাত্মক নয়, তারা বাম ও প্রগতিশীল মুসলমানদেরই তাদের প্রধান শত্রু মনে করে। আক্রমণটা তাদের ওপরই চলছে অনেক দিন যাবৎ। রামুর ঘটনায় দেখা গেছে, ধর্মান্ধ মুসলমানদের ব্যবহার করে আওয়ামী লীগ-বিএনপি প্রভৃতি দলের লোকেরা নারকীয়তায় উৎসাহ দিয়েছে। বর্তমানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে যে হামলা হয়েছে এবং হচ্ছে, তাতে কারা জড়িত তা তদন্তে সরকারের আগ্রহ দেখা যায়নি। অনেক জায়গায় সরকারি দলের লোক জড়িত, সে তথ্য কোনো কোনো মাধ্যমে আসছে। তবে সত্য উদ্ঘাটন করার দায়িত্ব সরকারের। সে ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকলে মানুষ নানা রকম সন্দেহ করবে। ক্ষতি যাদের হওয়ার তাদের হবে। আমাদের ভাগ্যের কী পরিহাস, শাহবাগ জাগরণ মঞ্চের পরই ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাম্প্রদায়িক মৌলবাদীরা ঐক্যবদ্ধ হয়েছে। অথচ সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বিপরীত। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এই জাগরণ মঞ্চ ভূমিকা রাখতে পারত। একটি বিরাট সম্ভাবনার কাঁচা বুদ্ধিতে অপমৃত্যু ঘটল। আমরা চাইলাম কী, পেলাম কী? সহিংসতা বেড়েছে। সরকার উভয় সংকটে। শ্যাম ও কুল রক্ষা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোর নেতাদের বোঝা উচিত, এখানে অতিমাত্রায় ইসলামি উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটলে সাধারণ সংখ্যালঘু হিন্দুরা নিরাপত্তাহীনতায় থাকবেন। তখন তাঁদের শুধু বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রগতিশীলদের সাহায্যে কুলাবে না। তাঁদের প্রয়োজন হবে ভারতের হিন্দু সাম্প্রদায়িক শক্তির সাহায্যের। ভারতের প্রগতিশীল শক্তির বন্ধুত্ব ও সাহায্য আমাদের হিন্দু-মুসলমান সবারই কাম্য। কিন্তু ভারতের সাম্প্রদায়িক শক্তি যদি হিন্দুদের স্বার্থ রক্ষার প্রশ্নে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, তাতে বাংলাদেশের দেড় কোটি হিন্দুর কোনো উপকার হবে না—একটি দূষিত রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হবে। তাতে ক্ষতি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও জাতিগত সংখ্যালঘুদের। দুনিয়ার কোথাও সংখ্যালঘুরা অশান্তিতে থাকলে সংখ্যাগুরুরা শান্তিতে থাকতে পারে না।একটি পর্যায়ে ভারতের নীতিনির্ধারকেরা যদি বোঝেন যে মহাজোট সরকারের কারণে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত, তা হলে তাঁরা আওয়ামী লীগ নেতৃত্বের ওপরও প্রসন্ন থাকবেন না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করেছেন, ২০ বছর পরে বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। বাঙালি জাতির ইতিহাসে এর চেয়ে নির্মম উক্তি আর কোনো দিন উচ্চারিত হয়নি। দেড় কোটি হিন্দু যাবে কোথায়? কেন যাবে হাজার বছরের পূর্বপুরুষদের বাড়িঘর ফেলে? নষ্ট রাজনীতির কারণে একদিন গেছে, আজ কেন যাবে। তাঁর কথাটি অনেকে উপভোগ করবেন, কারণ এই উপমহাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতা একটি প্রধান উপাদান। মুসলমানদের কেউ বগল বাজাবেন, হিন্দুদের জমি কিনতে পারবেন। কিন্তু ওই ঘোষণা শোনার পর আমার লোম খাড়া হয়ে যায়, কোটি কোটি সাধারণ হিন্দুর মতো আমারও বুক কাঁপে। সন্দেহ নেই, আমাদের অধঃপতন ঘটেছে, তবু ১৪ কোটি মুসলমান কি এতই দুর্বৃত্ত ও নিষ্ঠুর যে আড়াই কোটি ভাইবোনকে ঠেলে ভারতে পাঠিয়ে দেবে? নিপীড়িতদের পাশে দাঁড়াতে হয়। অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ন্যায়বিচারের স্বার্থে অপরাধীকে ধরিয়ে দিতে হয়। শুধু মৌখিক দরদে কোনো কাজ হয় না। বাংলাদেশের হিন্দুরা অতি শান্তিপ্রিয়। তাদের শান্তি নিশ্চিত করার দায়িত্ব জনগণের ও সরকারের। প্রগতিশীলদের দায়িত্ব বেশি। তাদের ভুল কৌশলে যদি ধর্মীয় গোষ্ঠীগুলো সংহত হয়, তা হলে বাংলাদেশ হবে মিসর। ধর্মীয় উগ্রবাদীরা প্রবল হলে, সেই সুযোগ তাদের করে দিলে, একসময় তারা বিএনপিকেও পরোয়া করবে না। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটলে মুসলমানদেরও কোনো লাভ নেই, হিন্দুদের তো নেই-ই। আমেরিকার লাভ নেই, ভারতের লাভ নেই, তবে সবচেয়ে বেশি লোকসান আওয়ামী লীগের এবং বাংলাদেশের মানুষের। সুতরাং বাস্তবসম্মত কৌশলই প্রত্যাশিত। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।