পাটকলে আগুনের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলসের গুদামে আগুন লাগার ঘটনাটি যে নিছক দুর্ঘটনা ছিল না, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য-বিবৃতিতে সেই আভাসই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মিলের চলতি দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক এনামুল হকসহ চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। মিলের শ্রমিকেরাও এ ঘটনাকে নাশকতামূলক বলে দাবি করেছেন। তাঁরা মনে করেন, পাটকল ও বিজেএমসির দুই কর্মকর্তা কম দামে নিম্নমানের পাট কিনে বেশি দাম দেখিয়েছেন। এখন নিজেদের অপরাধ ঢাকতেই নাশকতার আশ্রয় নিয়েছেন। পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, তদন্তের আগে কাউকে দোষী করতে চান না, তবে সন্দেহ করছেন। আমরাও মনে করি, তদন্তের আগে কারও প্রতি দোষারোপ করা ঠিক নয়। তবে মন্ত্রীর সন্দেহের পেছনে নিশ্চয়ই কারণ আছে। সেই কারণটি বের করা জরুরি। প্রশ্ন হলো, দুর্ঘটনার সময়ে গুদামে বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও কীভাবে আগুন লাগল? বহির্বিশ্বে যখন পাট ও পাটজাত পণ্যের চাহিদা বেড়েছে এবং পাটের সোনালি দিন ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন এ ধরনের দুর্ঘটনা দেশবাসীকে উদ্বিগ্ন না করে পারে না। পাট নিয়ে অতীতে ষড়যন্ত্র ও কেলেঙ্কারি কম হয়নি। ভারতসহ অন্যান্য দেশে পাটশিল্পের বিকাশ ঘটলেও সোনালি আঁশের দেশে একের পর এক পাটকল বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যও মহৎ ছিল না।সম্প্রতি বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার পাট খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কয়েকটি বন্ধ পাটকল চালুরও উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় কোনো পাটকলে আগুন লাগিয়ে ৫০ কোটি টাকার ক্ষতিসাধন গুরুতর অপরাধ। আশা করব, তদন্ত কমিটি যথাসময়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে পারবে। অতীতে দেখা গেছে, তদন্ত কমিটি গঠন করা হলেও কখনোই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এবার তার পুনরাবৃত্তি কাম্য নয়। ব্যক্তি যত ক্ষমতাবানই হোক না কেন, রাষ্ট্র ও জনগণের চেয়ে বড় নয়। পাটশিল্পকে রক্ষার স্বার্থেই দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে।