পাটকলে কর্মচাঞ্চল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলম্বে হলেও ২০১০ সালের পাটজাত মোড়ক আইনের কার্যকর হওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কাকতালীয়ভাবে প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনীলগ্নে এর বাস্তবায়নের দিন ধার্য হওয়া একটি আনন্দের বিষয়। জাতীয় অর্থনীতির জন্য স্বর্ণসূত্র হিসেবে একদা বিরাট মর্যাদার আসনে থাকা পাট তার হৃতগৌরব ফিরে পাক, আমরা সেটা কায়মনোবাক্যে প্রার্থনা করব। পাটজাত মোড়ক তৈরিতে পাটকলগুলোতে ইতিমধ্যে শ্রমিকদের মধ্যে যে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। মনে হচ্ছে, বহুকাল ধরে জবরদস্তি রুদ্ধ করে রাখা অর্গল খুলে গেছে।
ধান, চাল, গম, চিনি, ভুট্টা ও সার পরিবহনের মতো কাজে পাটের বস্তার দৈনিক চাহিদা সাত লাখের বেশি। এবং এটা সুখের বিষয় যে তা উৎপাদনে আমাদের পাটকলগুলোর সামর্থ্য রয়েছে। এ জন্য পাটের স্বল্পতা সর্বাগ্রে দূর করতে হবে। এক মাসের জন্য পাট রপ্তানি বন্ধের চলতি সিদ্ধান্ত রক্ষাকবচ হিসেবে ভঙ্গুর। এখন খুলনা অঞ্চলে মাত্র ১১ দিনের পাট মজুত আছে। তাই পাটের জোগান না বাড়লে কলগুলো উৎপাদন হ্রাস করবে। রাত-বিরাতে রাস্তাঘাটে ট্রাক থামিয়ে পুলিশের সুপরিচিত কর্মতৎপরতার সঙ্গে আমরা পরিচিত! এই পুলিশ বাহিনীকে এখন কড়া নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে হবে যে উল্লিিখত খাদ্য ও কৃষি উপকরণ ট্রাকচালকেরা যাতে কোনো অবস্থাতেই প্লাস্টিকের বস্তায় বহন করতে না পারেন। বিজেএমসি বর্তমানে মিলগেটে প্রতিটি পাটের বস্তার মূল্য যথাক্রমে ৬৭ ও ৪৫ টাকা নির্ধারণ করেছে। এই টাকায় আপাতত কাজ চলতে পারে কিন্তু ভবিষ্যতে এটা বাড়াতে হবে। যথাশিগগির উন্নত মানের পাটের বস্তা উৎপাদনের বিষয়টিও মাথায় রাখতে হবে।
পাটের কলকারখানাগুলোতে প্রত্যাশিত প্রাণস্পন্দন ফিরে এসেছে। এখন চ্যালেঞ্জ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ যাতে যথাযথ ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই নতুন উদ্যোগের কার্যকরতা ও ধারাবাহিকতা বজায় রাখে। এ জন্য যথাসময়ে পাট কেনায় অর্থায়ন, পর্যাপ্ত কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করা এবং বাধ্যতামূলক মোড়কীকরণ আইন বাস্তবায়নের বিকল্প নেই।