পাট ও পাটপণ্য দুইয়েরই বাজার আছে, তবে ব্যবস্থা বেশি নেই। বিশেষত, পাটপণ্য বিদেশে মোটামুটি আদরণীয়। যার বাজার আছে, তা কর্মসংস্থানও সৃষ্টি করে। উত্তরাঞ্চলে শত শত নারী ঘরে বসেই পাটপণ্য তৈরিতে জড়াচ্ছেন। বাড়াচ্ছেন সংসারে আয়েরও জোগান। এখন দরকার আরও বেশি নারীকে প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের পণ্যের বাজার পেতে সাহায্য করা। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগেই তা হতে পারে।
রাজধানীর জাতীয় জাদুঘরে পাটপণ্য মেলা সদ্য শেষ হলো। পাটের বাহারি পণ্য সেখানে ক্রেতা ও দর্শকদের নজর কেড়েছে। দেশে ও বিদেশে পণ্যের মোড়ক হিসেবে পাটের কদরের কথা আমাদের জানা। সব সরকারি খাদ্যপণ্যে পাটের ব্যবহার নিশ্চিত করার সরকারি নির্দেশ যে ঠিকভাবে পালিত হয় না, তা-ও সুবিদিত। কিন্তু অনেক গ্রামীণ নারী যে শৌখিন ও মনোলোভা পাটপণ্য তৈরি করে ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন, সেই গল্পটা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারের প্রথম আলোয়। বেসরকারি সংস্থা কেয়ার দেশের বিভিন্ন অঞ্চলের দুই হাজার নারীকে পাটপণ্য তৈরির প্রশিক্ষণ দেয়। কেয়ার বাংলাদেশ আবার ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘সুইচ এশিয়া জুট ভ্যালু চেইন’ প্রকল্পের মাধ্যমে বিদেশে রপ্তানিরও ব্যবস্থা করে।
অন্যদিকে ব্যক্তিগত উদ্যোগেও অনেকে, যাঁদের মধ্যে নারীরাই অগ্রণী, তাঁরাও রপ্তানিমুখী পাটপণ্য তৈরি করছেন। এ ধরনের প্রকল্পে সরকার ঋণও দিয়ে থাকে। কিন্তু সাধারণ নারীদের পক্ষে তো রপ্তানির জন্য বৈদেশিক যোগাযোগ করা কঠিন। পাট মন্ত্রণালয় যদি ঋণ-প্রশিক্ষণ এবং রপ্তানি-যোগাযোগের সহায়তা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে নতুন এক সুযোগের দ্বার অবারিত হয়।
প্রথম আলোর সংবাদে কেয়ারের সুইচ এশিয়া প্রকল্পের এক কর্মকর্তা জানিয়েছেন, বহুমুখী পাটপণ্য রপ্তানিতে ভারতের বাজার আড়াই হাজার কোটি টাকা। পাটের সোনালি ঐতিহ্যের গৌরবভূমি বাংলাদেশ সেখানে অনেক পিছিয়ে। একের পর এক পাটমন্ত্রী পাটের সুদিন ফেরানোর কথা বলছেন, কিন্তু পাটচাষি, পাটকল শ্রমিক, পাটপণ্যের কারিগর কেউই তা পাননি। পাটপণ্য কুটিরশিল্প হিসেবে বিকশিত হচ্ছে। একে এগিয়ে নেওয়ার এখনই সময়।