পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। দেশের পাটের উৎপাদন নানা কারণে কমে যাচ্ছে। এর অন্যতম কারণ গুণগত এবং মানসম্মত পাটবীজের সংকট। ভালো বীজ যেকোনো ফসল উৎপাদন বৃদ্ধির জন্য অন্যতম প্রধান উপকরণ।পাট চাষের মৌসুম শুরু হয়েছে। পত্রপত্রিকায় জানা যায়, ইতিমধ্যে পাটবীজ সংকট চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, দেশে বর্তমানে পাটবীজের চাহিদা প্রায় ৬০০০ মেট্রিক টন। এর বিপরীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সরবরাহ করছে এক হাজার ১৬০ মেট্রিক টন এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরবরাহ করছে, এক হাজার মেট্রিক টন। ঘাটতি প্রায় চার হাজার মেট্রিক টন। ঘাটতি পূরণ করা হয় আমদানি এবং চোরাই পথে আসা ভেজাল পাটবীজ দিয়ে।চোরাই পথে আসা পাটবীজ গুণগতমানের হয় না, বিশেষ করে ভেজাল বীজের জন্য পাট চাষে সংকট সৃষ্টি হয় এবং উৎপাদন কম হয়। প্রতিবছর পাটচাষিরা ভেজাল পাটবীজের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। উপরিউক্ত পাটবীজ সংকট হতে উত্তরণের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে দেশের চাহিদা মোতাবেক উন্নতমানের এবং উন্নতজাতের পাটবীজ উৎপাদনের দায়িত্ব দেওয়া যেতে পারে। যার জন্য করপোরেশনকে প্রয়োজন ঢেলে সাজাতে হবে। জনবল এবং লজিস্টিক সাপোর্ট দিতে হবে। তা ছাড়া পাটচাষিরা নিজেদের প্রয়োজনে নিজেরাই পাটবীজ উৎপাদন এবং সংরক্ষণ করতে পারেন, তার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে প্রশিক্ষণ, প্রযুক্তি ও কারিগরি সহায়তা এবং কৃষিঋণের ব্যবস্থা করতে হবে। কৃষক পর্যায়ে মানসম্মত পাটবীজের সরবরাহ বাড়াতে হবে। উপরিউক্ত বিষয়ে বিবেচনা এবং বাস্তবায়ন করা প্রয়োজন। পাটবীজে দেশ স্বনির্ভর না হলে পাটশিল্প মুখ থুবড়ে পড়বে। অতএব সরকার, পাট ও কৃষি মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।মাহ্তাব আলী, মিরপুর, ঢাকা।