পাটের ওপর ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানির ওপর ভারতের উচ্চমাত্রায় অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সে দেশে পাট রপ্তানিতে ধস নেমেছে। এখন থেকে প্রতি টনে বাংলাদেশকে ৩৫১.৭২ ডলার পর্যন্ত শুল্ক দিতে হবে। ভারত যে যুক্তি ও তথ্যের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে, তার যথার্থতা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের পাট খাত যখনই উঠে দাঁড়াতে শুরু করেছে, তখন এ ধরনের পরিস্থিতি মারাত্মক অশনিসংকেত।
ভারতের অভিযোগ, বাংলাদেশ ভারতের স্থানীয় বাজারের চেয়ে কম দামে পাট রপ্তানি করছে। এ ধরনের পরিস্থিতিকে অ্যান্টি–ডাম্পিং বলা হয় এবং তাতে স্থানীয় দেশের সংশ্লিষ্ট খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অথচ গত অর্থবছরে বাংলাদেশ ভারতে যে পরিমাণ পাট রপ্তানি করেছে তা ভারতীয় বাজারের মাত্র ৮ শতাংশ। সুতরাং বাংলাদেশি পাটের জন্য ভারতের পাট খাতের ক্ষতির কথা নিছকই অজুহাত। ২০১৫-১৬ অর্থবছরে তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত পাট থেকে
বাংলাদেশ ১০০ কোটি ডলার আয় করেছে এবং এর মাত্র ২০ শতাংশের উৎস ভারত। উল্লেখ্য, বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি সাফটার আওতায় ভারতে শূন্য শুল্কে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আসছে। কোনো দেশেরই উচিত নয় সাফটা চুক্তিকে অকার্যকর করে দেয়, এমন পদক্ষেপ নেওয়া।
নিয়ম হলো অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপের আগে দ্বিপক্ষীয় আলোচনা ও তথ্য–প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করতে হবে। ২০০৪ সালে বাংলাদেশ থেকে গাড়ির ব্যাটারি রপ্তানির বেলায়ও ভারত অনুরূপ পদক্ষেপ নিয়েছিল। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ করলে ২০০৬ সালে বিষয়টি বাংলাদেশের অনুকূলে মীমাংসিত হয়। বর্তমান ক্ষেত্রে বাংলাদেশের পাট রপ্তানিকারকদের ৯০ দিনের মধ্যে ভারতীয় আদালতে আপিল করতে হবে। এ জন্য তাদের যেমন ভারতীয় আমদানিকারকদের সাহায্য লাগবে, তেমনি দরকার হবে বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতা। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, কূটনৈতিক পথে এবং রাজনৈতিক স্তরেও এ প্রচেষ্টা চালাতে হবে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এবং রপ্তানিকারকদের সমিতি ভারতের দিক থেকে অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপের বিপরীতে কৌশলগত প্রক্রিয়ায় দুর্বলতা রেখেছিল কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।