পাটের বস্তার ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার বাংলাদেশ ব্যাংক পণ্য মোড়কজাতকরণে পাটের বস্তা ব্যবহার না করলে উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যাংকঋণ পাবে না বলে যে নির্দেশনা দিয়েছে, তা একটা দরকারি পদক্ষেপ। এর বাস্তবায়ন নিশ্চিত করতে তৎপর হওয়া দরকার।
২০১০ সালে পাটের বস্তা ব্যবহারসংক্রান্ত আইন পাস হয়েছে। কিন্তু এ আইন কোন ক্ষেত্রে কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। যেসব প্রতিষ্ঠান ব্যাংকঋণ নেবে, কেবল তাদের জন্য পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করাই যথেষ্ট নয়, ব্যাংকঋণ নেয় না এমন প্রতিষ্ঠানগুলোকেও এ ব্যাপারে উৎসাহিত করতে হবে।
একসময় বিশ্বব্যাপী পাটজাত পণ্য, বিশেষ করে পাটের বস্তা ও থলের ব্যাপক কদর ছিল। এটি পরিবেশসম্মত। সময়ের ব্যবধানে বিকল্প হিসেবে পলিথিনের মোড়ক বাজার করেছে, কিন্তু তা পরিবেশের জন্য ক্ষতিকর। উন্নত দেশগুলো এখন পলিথিনের বদলে পাটের বস্তা ও থলে ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? অবশ্য পলিথিনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আইনি সুরক্ষার পাশাপাশি পাটের বস্তা ও থলের মান উন্নয়নও জরুরি। আমাদের দেশে পাটকলগুলো যখন বেহাল, তখন ভারতের পাটকলগুলো ভালো লাভ করছে। তাই পাটের উৎপাদন বাড়াতে এবং পাটজাত পণ্য, বিশেষ করে বস্তা ও থলের বাজার প্রসারিত করতে সমন্বিত কর্মপ্রয়াস থাকা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে, সেটি যেন ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’ অবস্থা না হয়। সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলতে বাধ্য করতে হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি যেমন থাকতে হবে তেমনি এগিয়ে আসতে হবে পরিবেশ অধিদপ্তরকেও। গত কয়েক বছরে পলিথিনের দাপটে পরিবেশের ভীষণ ক্ষতি হয়েছে, ক্ষতি আর বাড়তে দেওয়া যায় না। পাটের বস্তা ও থলের ব্যবহারের উপকারিতা সম্পর্কে জনসচেতনতাও বাড়াতে হবে। পাটজাত পণ্যের ব্যবহার বাড়লে পাটচাষিরা যেমন লাভবান হবেন, তেমনি রক্ষা পাবে পাটশিল্পও।