পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আটিয়াপাড়া, মঙ্গলগ্রাম ও আফড়া তিনটি গ্রাম। তিন গ্রামের মোট জনসংখ্যা প্রায় পাঁচ হাজার। তিনটি গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, দুটি কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত দুটি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চবিদ্যালয় আছে। সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে মোট প্রায় এক হাজার ২০০ ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত। গ্রাম তিনটিতে রাস্তাঘাট, প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সুবিধা মোটামুটি সন্তোষজনক হলেও দুঃখজনক হচ্ছে, এত বিপুল জনগোষ্ঠীসম্পন্ন তিন গ্রাম মিলে এতগুলো ছাত্রছাত্রী, শিক্ষা ও সাহিত্যানুরাগীদের জন্য সরকারিভাবে শিক্ষা ও সাহিত্যচর্চার অন্যতম প্রতিষ্ঠান কোনো পাঠাগার ইতিপূর্বে নির্মাণ করা হয়নি। এ কারণে ছাত্রছাত্রী ও সাহিত্যানুরাগী ব্যক্তিরা দীর্ঘদিন সাহিত্যচর্চা থেকে বঞ্চিত ছিল।এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে শিক্ষা, সাহিত্য ও মানবতার মনুষ্যত্ব বিকাশে আমরা তিন গ্রামের কতিপয় স্কুল-কলেজের যুবক-ছাত্র মিলে শিক্ষানুরাগীদের সহযোগিতায় নিজেদের কেনা কিছু বই নিয়ে গত বছরের ১২ মার্চ তিন গ্রামের মধ্যে অবস্থিত তায়জাল বাজার নামক স্থানে ‘মানবকল্যাণ পাঠাগার’ নামে একটি পাঠাগার স্থাপন করি। সেই পাঠাগার তথা আমাদের সব সদস্য ও শিক্ষানুরাগীর স্লোগান হচ্ছে ‘বিদ্যালোকে আলোকিত করি’। এই স্লোগানকে ভিত্তি করে আমাদের পাঠাগারের কার্যক্রম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা সবাই জানি, একটি পাঠাগারের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো পর্যাপ্ত বই এবং প্রয়োজনীয় আসবাব থাকা। এ ছাড়া মাসিক ম্যাগাজিন, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক চাকরিবার্তা, দৈনিক পত্রিকা, বিদ্যুৎ বিল, ঘরভাড়া ও অন্যান্য বাবদ মাসিক প্রায় এক হাজার ২০০ টাকা খরচ হয়। কিন্তু পাঠাগারের সঙ্গে সংযুক্ত আমরা সবাই ছাত্র হওয়ার কারণে আমাদের পর্যাপ্ত বই ও আসবাব কিনতে কষ্ট হচ্ছে।তাই দেশের ছাত্রছাত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, প্রকাশক, ধনাঢ্য শিক্ষানুরাগী, চাকরিজীবী, শিক্ষাবিষয়ক সব প্রতিষ্ঠান ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, আপনারা পাঠাগারটি পরিদর্শন করে পাঠাগারের অবস্থান, সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে যেকোনো বিষয়ক বই, আসবাব অথবা নগদ অনুদান দিতে এগিয়ে আসুন। মো. তৌফিক এনায়েতআটিয়াপাড়া, সাঁথিয়া, পাবনা।