পাঠ্যপুস্তক নিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে পাঠ্যপুস্তক বিনা মূল্যে দেওয়া হলেও বাজারে তার মূল্য আছে এবং বেচাকেনাও হয়। সে কারণেই রাজধানীর ৭৮টি বিদ্যালয় প্রয়োজনের তুলনায় বেশি বই সংগ্রহ করে অনৈতিক ও বেআইনি কাজই করেছে। শিক্ষা নিয়ে অনৈতিক ও অপরাধমূলক কাজ অহরহই ঘটে থাকে। এই খাতে দুর্নীতির ডালপালাও বহুদূর বিস্তৃত। পাঠ্যপুস্তক নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের এই আচরণ দুঃখজনক। শিক্ষকেরাই যদি এ ধরনের অনৈতিক কাজে যুক্ত থাকেন, তাহলে শিক্ষা খাতে দুর্নীতি বন্ধ হবে কীভাবে? ২০১০ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের বই বিনা মূল্যে দিচ্ছে সরকার। এই সুযোগের অপব্যবহার করে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীসংখ্যার চেয়ে বেশি বই সংগ্রহ করেছে বলে যে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরবরাহ-প্রক্রিয়ার ত্রুটির কারণে কোন প্রতিষ্ঠানে কত বই লাগবে, তা নিরূপণের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক ও সরেজমিনে পরিদর্শনে ফাঁকির বিষয়টি ধরা পড়ে। আশা করি, বই সরবরাহ-প্রক্রিয়া আরও কড়াকড়ি করার মাধ্যমে এ ধরনের ফাঁকির প্রবণতা বন্ধ করার ব্যবস্থা হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি ধরতে পেরেছে, এ জন্য ধন্যবাদ পেতে পারে। উল্লেখ্য, সম্প্রতি টিআইবি পরিচালিত জাতীয় দুর্নীতির জরিপে একমাত্র শিক্ষা মন্ত্রণালয়কেই পাওয়া গেছে, যেখানে দুর্নীতি দৃষ্টিগোচরভাবে কমেছে। এ ধরনের প্রতারণা ধরে ফেলা থেকে সেটা প্রমাণিতও হয়।শিক্ষামন্ত্রী নিজে দোষী শিক্ষাপ্রতিষ্ঠান ও তার প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ যাতে বাস্তবায়িত হয়, সেটা দেখতে হবে এবং যাঁরা প্রতারণা করেছেন, তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেখতে হবে, যাতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো সম্ভব না হয়। এই অজুহাতে মুদ্রাকরেরা বই সরবরাহে যাতে সময়ক্ষেপণ না করতে পারে, সেদিকেও নজর দিতে হবে। পাঠ্যপুস্তক নিয়ে প্রতারণাটি হয়েছে এনসিটিবির সঙ্গে। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ভর্তি, নিয়োগ ও পরীক্ষা-প্রক্রিয়ায় বিভিন্ন রকম অনিয়ম চলে, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হয়রানিরও শিকার হন। শিক্ষাব্যবস্থায় সফলতা আনার স্বার্থে শিক্ষাক্ষেত্রে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয় আরও তৎপর হোক, এটাই কাম্য।