পাঠ্যপুস্তকে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় আমাদের স্কুলের পাঠ্যবইয়ে পাকিস্তানি হানাদার বাহিনী না লিখে একটা সময়ে শুধু ‘হানাদার বাহিনী’ লেখা হতো। এর আগে-পরে যেসব বাক্য তখন সংযোজিত হয়েছিল, তাতে শিশুদের মধ্যে এমন বিভ্রান্তি তৈরি হয় যে হানাদার মানে ভারত। সামরিক বাহিনী ব্যতীত বেসামরিক জনগণও যে মুক্তিযুদ্ধ করেছে বা অস্ত্র হাতে যুদ্ধ করা ছাড়াও বিভিন্ন বেসামরিক কাজে অংশ নিয়েও মুক্তিযোদ্ধা হওয়া যায়—এ ধারণা পাঠ্যপুস্তক থেকে প্রায় লুপ্ত হয়েছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই যে মুক্তিযুদ্ধের মূল নায়ক, তা পাঠ্যপুস্তকে উল্লেখ ছিল না। এভাবে দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে শিশুদের মনোজগৎ তৈরির প্রচেষ্টা চলেছে। কিন্তু সম্প্রতি পাঠ্যবইয়ে ভুলের ছড়াছড়ি লক্ষ করছি। বইগুলোর প্রুফ ঠিকমতো না দেখে তড়িঘড়ি করে তা স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে। বিস্তর বানান ভুল ও অসংখ্য তথ্যবিভ্রাট। এ প্রসঙ্গে শুধু অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকায় কাজী নজরুল ইসলামের ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ছাপা হয়েছে। এখানে নজরুলের সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে। সেখানে তাঁর জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১৫ মে (পৃষ্ঠা নম্বর ৯)। কিন্তু নজরুলের জন্মতারিখ ২৫ মে। একই বইয়ে ‘বাংলা নববর্ষ’ নামে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। সেখানে নববর্ষের বিভিন্ন প্রসঙ্গের একপর্যায়ে চট্টগ্রামের বিখ্যাত ‘জব্বারের বলী খেলা’কে উল্লেখ করা হয়েছে ‘আব্দুল আজিজের বলী খেলা’ নামে (পৃষ্ঠা নম্বর ৬০)। সাহিত্য কণিকায় পল্লীকবি জসীমউদ্দীনের ‘দেশ’ কবিতার অংশবিশেষ ছাপা হয়েছে। কবিতার শেষে একটি পাঠ পরিচিতি রয়েছে। সেখানে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা স্থান পেয়েছে। কিন্তু পাঠ পরিচিতির শেষ দিকের কথাগুলো কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হয়তো অন্য কোনো লেখার অংশবিশেষ এখানে চলে এসেছে; নতুবা কবিতার যে অংশ এ বইয়ে ছাপা হয়নি। এসব ভুল সংশোধনের উপায় কী? স্কুলের শিক্ষকেরাও ছাপার অক্ষরে যা আছে, তা পরিবর্তন করতে চান না। বিষয়টি সম্ভবত পাঠ্যপুস্তক বোর্ডেরও নজরে পড়েনি। কিন্তু শিশুরা ভুল বিষয়বস্তু গলাধঃকরণ করছে। সামনে জেএসসি পরীক্ষা। দেখা যাবে, এ ভুল বিষয় নিয়ে প্রশ্নপত্র তৈরি হচ্ছে। যদি কোনো ছাত্রছাত্রী অভিভাবকদের কথামতো সঠিক উত্তরটি লেখে, তা হলে তার নম্বর কমে যাবে। আবার বইয়ের উত্তর লিখলে সেটি ভুল হবে। শিশুদের এ ভুলের হাত থেকে পরিত্রাণ দেওয়া প্রয়োজন। শিশুদের যেকোনো ভুল তথ্য শেখানো অন্যায়। তাই পাঠ্যপুস্তক বোর্ডের আশু কর্তব্য হবে এ বিষয়ে স্কুলগুলোকে নির্দেশনা পাঠানো। আর পরবর্তী বছরে যাতে নির্ভুল বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে, সে বিষয়ে কর্তৃপক্ষের এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। মোহাম্মদ ফায়েক উজ্জামানসহ-উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়।[email protected]