সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স উপজেলার কালাইরাগ ও ভোলাগঞ্জের ফসলি জমিতে বোমা মেশিন ধ্বংস ও মেশিনের স্থাপনা অপসারণে যে অভিযান চালাচ্ছে তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযানের পরে কি ওই সব এলাকায় বোমা মেশিনের ব্যবহার আদৌ বন্ধ হবে? কেননা, অতীতেও এ রকম অনেক অভিযান চালানো হয়েছে, কিন্তু বোমা মেশিনের ব্যবহার হয়েই চলেছে।
বোমা মেশিন হচ্ছে এমন একটি যন্ত্র, যা দিয়ে ভূগর্ভ থেকে পাথর তোলা হয়। এটা মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি। এই যন্ত্র দিয়ে পাথর তোলার সময় বোমার মতো শব্দ হয় বলে নাম হয় বোমা মেশিন। মাটির দেড় শ ফুট গভীর থেকে এটি পাথর তুলতে পারে। কিন্তু বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করলে আশপাশের ভূমি ধসে যাওয়ার আশঙ্কা থাকে। ভূগর্ভস্থ মাটির স্তর বদলে গিয়ে ভূপ্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
আগে সিলেটের পাথর কোম্পানিগুলোতে হাত দিয়ে পাথর উত্তোলন করা হতো। একপর্যায়ে কম সময়ে অনেক বেশি পাথর তোলার জন্য একশ্রেণির অসাধু ব্যবসায়ী বোমা মেশিনের ব্যবহার শুরু করেন। ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের ফলে বোমা মেশিন নিষিদ্ধ করেন উচ্চ আদালত। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশনা বাস্তবায়নে টাস্কফোর্স দিয়ে মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে গত নয় বছরে সিলেটে এক হাজারের বেশি
বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। কিন্তু তারপরও বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চলছেই। এটা খুবই উদ্বেগজনক ব্যাপার। এতে করে শুধু যে প্রকৃতি বা পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, পাথর তোলার সময় গর্ত ধসে বহু শ্রমিকও নিহত হয়েছেন।
কিন্তু কেন বন্ধ হচ্ছে না বোমা মেশিনের ব্যবহার? গত বছরের অক্টোবর মাসে দেশের একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ভোলাগঞ্জ কোয়ারিসহ বেশ কয়েকটি কোয়ারিতে বোমা মেশিন চালাতে প্রতিদিন পঁাচ লাখ টাকা তোলা হয় থানার ওসির নামে। এ ছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও অন্য একটি নিরাপত্তারক্ষী বাহিনীর নামেও চাঁদা তোলার অভিযোগ রয়েছে।
এই যদি বাস্তবতা হয়, তাহলে পাথর উত্তোলনের কাজে বোমা মেশিনের ব্যবহার বন্ধ হবে কী করে? আমরা বোমা মেশিন ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চাই। আমরা আশা করব এবারের অভিযান আগেরগুলোর মতো কোনো নিষ্ফল অভিযানে পরিণত হবে না। পাথর কোয়ারিগুলোতে বোমা মেশিনের ব্যবহার কেন বন্ধ হচ্ছে না, এই প্রশ্নের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের মনোযোগ জরুরি।