সিলেট অঞ্চলের পাথর ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে পাথর তোলার অনুমোদন আদায় করতে যে কৌশল বেছে নিয়েছেন, তা অন্যায়। গত মঙ্গলবার সকাল থেকে ‘বৃহত্তর সিলেট পাথর–সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে যে তিন দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, তার পেছনে তাঁরা ব্যবহার করছেন সড়ক পরিবহনশ্রমিকদের। পাথর ব্যবসায়ীদের কেউ কেউ পরিবহন ব্যবসার (ট্রাকমালিক) সঙ্গে জড়িত থাকার ফলে এ কৌশল নিতে তাঁদের কিছুটা সুবিধা হয়েছে। কিন্তু এর সঙ্গে পরিবহনশ্রমিকদের স্বার্থের সম্পর্ক নেই। অথচ এ ধর্মঘটের ফলে সারা দেশের সঙ্গে সিলেট অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে; মানুষের দুর্ভোগ হচ্ছে, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি হচ্ছে।
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হলো উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর। সরকারের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্ব সেগুলো দেখভাল করা। কারণ, প্রাকৃতিক প্রক্রিয়ায় বিন্যস্ত এসব পাথরখণ্ড খনিজ সম্পদ হিসেবে বিবেচিত।
অবকাঠামো নির্মাণের সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য এসব পাথর তোলা হচ্ছিল বহু বছর ধরে। খনিজ সম্পদ বিভাগ পাথর কোয়ারিগুলো লিজ দিত, তবে সে জন্য কিছু নিয়মকানুন মেনে চলার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সেসব না মেনে ‘বোমা মেশিন’ নামের যন্ত্র ব্যবহার করে অনিয়ন্ত্রিত মাত্রায় পাথর তোলা হয়েছে বহু বছর ধরে। তা ছাড়া লিজের বাইরেও অনেকে সম্পূর্ণ অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর তুলে নিয়ে গেছে। ফলে ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একপর্যায়ে উচ্চ আদালত স্থানীয় প্রশাসনকে পাথর তোলা সম্পূর্ণভাবে বন্ধ করার আদেশ দেন। খনিজ সম্পদ ব্যুরো এ বছর কোনো পাথর কোয়ারি লিজ দেয়নি। ফলে পাথর তোলা বন্ধ রয়েছে।
পাথর ব্যবসায়ীরা চাইছেন তাঁদের আবার পাথর তোলার অনুমোদন দেওয়া হোক, পাথর কোয়ারিগুলোর ইজারাব্যবস্থা আবার চালু করা হোক। কিন্তু আমরা মনে করি, তাঁদের এ দাবি জাতির বৃহত্তর স্বার্থের প্রতিকূল। প্রায় দেড় দশক ধরে অনিয়ন্ত্রিতভাবে পাথর তোলার ফলে সিলেট অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য অন্তত আগামী তিন দশক পাথর তোলা বন্ধই রাখা উচিত। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও খনিজ সম্পদ ব্যুরোকে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই উচ্চ আদালতের আদেশ বিবেচনায় রেখে।