পাথর থেকে বাঁচতে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের দেশের অনেকেই যাতায়াতের জন্য রেলগাড়ির ওপর ভরসা রাখেন। কিন্তু এটি আর কদিন মানুষের আস্থা ধরে রাখতে পারবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজকাল চলন্ত রেলগাড়িতে ছিনতাই ও পাথর নিক্ষেপ রেলযাত্রীদের মধ্যে এক নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। সম্প্রতি পাথর নিক্ষেপে প্রীতি দাশের মৃত্যু আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। এই নৃশংস মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় জোন মিলে প্রায় দুই হাজার ৮৫৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ আছে। এই দীর্ঘ পথে কে, কখন, কোথায় রেলগাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, তা চিহ্নিত করা কঠিন কাজ। আর এগুলোর বেশির ভাগই ঘটে রাতের বেলায়। তবে ধরে নেওয়া যায়, ঘনবসতিপূর্ণ স্থানেই এই ঘটনাগুলো বেশি ঘটে। পাথর নিক্ষেপ প্রতিরোধের জন্য ইতিমধ্যে পত্রিকার মাধ্যমে অনেক উদ্যোগ এবং পরামর্শের কথা জানা গেছে। বিশেষ করে বিলবোর্ড, লিফলেট ও গণমাধ্যমে প্রচার-প্রচারণার কথা বলা হয়েছে। সন্দেহ নেই, এ ধরনের অপরাধ রোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে রেলগাড়িতে পাথর নিক্ষেপের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য পরিকল্পিত সব উদ্যোগের প্রতি সম্মান রেখেই বলছি, শুধু জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিলেই এই সমস্যার সমাধান হবে না, পাশাপাশি রেলগাড়িতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টির ওপর বেশি জোর দিতে হবে। বছর দশেক আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অটোরিকশায় উঠে যাত্রীদের সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছিল। এসব রোধে অটোরিকশায় খাঁচাসদৃশ নিরাপত্তাব্যবস্থা (যদিও অনেকের কাছে দৃষ্টিকটু লাগে) যুক্ত করা হয়েছে। তাই এজাতীয় ছিনতাই অনেকটাই বন্ধ হয়েছে। একসময় রেলগাড়ির প্রতিটি বগির জানালায় তিন পর্যায়ের শাটারের ব্যবস্থা ছিল। প্রথমটি ছিল মোটা তারের তৈরি নেট-জাতীয় শাটার, দ্বিতীয়টি কাচ বা প্লাস্টিকের এবং তৃতীয়টি ছিল অ্যালুমিনিয়ামের তৈরি। কিন্তু মোটা তারের তৈরি নেট-জাতীয় শাটার এখন আর চোখে পড়ে না। অন্যদিকে কাচের বা প্লাস্টিকের তৈরি কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি শাটার সব সময় বন্ধ করে রাখলে বায়ু চলাচল ব্যাহত হয়। বরং মোটা তারের তৈরি নেট-জাতীয় শাটার বায়ু চলাচলের জন্য সহায়ক। এসি/নন-এসি-নির্বিশেষে রেলের প্রতিটি বগিতে এ ধরনের শাটারের ব্যবস্থাটি ফিরিয়ে আনা হোক এবং চলন্ত ট্রেনে এই শাটার বন্ধ রাখা বাধ্যতামূলক করা হোক। আর এই ব্যবস্থা গ্রহণ করলেই যাত্রীরা পাথর নিক্ষেপকারী সমাজবিরোধীর হাত থেকে পরিত্রাণ পাবেন। তাই যথাযথ কর্তৃপক্ষ উল্লিখিত বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে বলে আশা করি।আবদুল মুকতাদিরকক্সবাজার।