পাথরঘাটায় বিদ্যুৎ-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আলো ঝলমলে চেহারা দেখে এ কথা ভাবার কারণ নেই যে বাংলাদেশে বিদ্যুতের সমস্যা একেবারে মিটে গেছে। রাজধানী শহর থেকে দুই পা ফেললেই টের পাওয়া যায় বিদ্যুতের লোডশেডিং কাকে বলে। ঢাকা থেকে যেসব জেলা-উপজেলা অনেক দূরে অবস্থিত, সেসব জেলা-উপজেলার বিদ্যুৎ–সংকট আরও প্রকট।

দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী উপজেলা পাথরঘাটা একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর। উপজেলাটি বরগুনা জেলার অন্তর্ভুক্ত হলেও মাঝখানে বিষখালী নদী থাকায় যোগযোগব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। একসময় পাথরঘাটা পিরোজপুর জেলায় ছিল। সড়কপথে পিরোজপুর ও মঠবাড়িয়ার সঙ্গে যোগাযোগও অপেক্ষাকৃত ভালো। বর্তমানে উপজেলা বিদ্যুৎকেন্দ্রটি পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়ার আঞ্চলিক বিদ্যুৎ অফিসের সঙ্গে যুক্ত।

মঠবাড়িয়ায় রয়েছে প্রচুর মাছের আড়ত। সমুদ্রের মাছ এই বন্দর হয়েই বরিশাল বা আরও দূরের শহরে যায়। কিন্তু সম্প্রতি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আড়তে মাছ পচে যাচ্ছে, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি কারখানার উৎপাদনও বন্ধ থাকে। দুঃসহ গরমের দিনে বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। স্থানীয় ব্যক্তিদের মতে, কোনো কোনো দিন ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে। বাকি ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় তাঁদের থাকতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে আরও বেশি সময় তাঁদের অন্ধকারে থাকতে হয়।

অবস্থা এতটাই নাজুক যে বিদ্যুতের দাবিতে মাঝেমধ্যেই এলাকাবাসীকে আন্দোলনে নামতে হয়। গত বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলেছেন, নতুন বিদ্যুৎ লাইন নির্মাণকাজ চলছে। ফলে কিছুদিন গ্রাহকদের সমস্যা হবে। লাইনের কাজ শেষ না হলে তাঁদের কিছু করার নেই। কিন্তু কবে লাইন নির্মাণের কাজ শেষ হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। রোজার আগে লাইনের কাজ শেষ না হলে মানুষকে আরও বেশি দুর্ভোগে পড়তে হবে। বিদুৎ অফিসে লোকবল কম থাকার কারণে গ্রাহকদের প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ অফিস মিটার ভাড়া ও ট্যাক্স মিটার ভাড়া নামে যথাক্রমে ১০ টাকা ও ২৫ টাকা করে বেশি নিচ্ছে বলে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে। তাঁদের দাবি, মিটারের টাকা জমা দেওয়ার পরই বিদ্যুৎ-সংযোগ দিয়েছে বিদ্যুৎ অফিস। সে ক্ষেত্রে এখন কেন তাঁরা মিটারের জন্য অতিরিক্ত অর্থ নেবে? উপজেলায় প্রায় ৩০ হাজার গ্রাহক আছেন।

এলাকাবাসী উন্নত সেবার জন্য পাথরঘাটায় একটি আঞ্চলিক বিদ্যুৎ অফিস প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ তঁাদের দাবি–দাওয়া বিবেচনায় নিয়ে অবিলম্বে পাথরঘাটায় বিদ্যুৎ সমস্যার সুরাহা করবে আশা করি। অন্যথায় সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার স্লোগান নিছক কথার কথাই হয়ে থাকবে।