পানামা পেপারস ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারস ফাঁসের দ্বিতীয় পর্বে কুড়িজনেরও বেশি বাংলাদেশির নামও উঠে এসেছে। এর আগে অফশোর লিকসেও এসেছিল জনা ত্রিশেক নাম। এতে অবশ্য বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ, কর এড়ানো ও অর্থ পাচারের ব্যাপারটি সারা পৃথিবীতেই ঘটছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) জানিয়েছে, বাংলাদেশ থেকে ২০১৩ সালে ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে; যেটা টাকার অঙ্কে দাঁড়ায় ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা।
কিন্তু আমাদের দেশের সরকার এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি। অথচ এই ফাঁসের ঘটনায় যেসব দেশের নাগরিকের নাম উঠে এসেছে, সেসব দেশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। আমাদের পাশের দেশ ভারতও তদন্তের কথা বলেছে। কারও নাম এই তালিকায় এলেই তিনি দোষী, আমরা সে কথা বলছি না। সরকারের উচিত হবে এ নিয়ে দ্রুত তদন্ত শুরু করা। কারণ, এই টাকার মাধ্যমে যে কর আসত, তা জনগণের কল্যাণে ব্যয় করা যেত।
বাংলাদেশের ২১ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের নামঅর্থ পাচারের বড় মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে মিসইনভয়েসিং। অর্থাৎ পণ্য আমদানি-রপ্তানির চালানে প্রকৃত মূল্য আড়াল করে কম–বেশি দেখিয়ে একদিকে কর ফাঁকি দেওয়া হয়, অন্যদিকে মোটা অঙ্কের অর্থ দেশে না এনে বাইরেই রাখা হয়। অপরটি হলো আন্তর্জাতিক লেনদেনে গরমিল। তবে এর মধ্যে ভুয়া চালান দেখিয়ে টাকা পাচার করা হয়। ফলে ব্যাংকিং খাত যদি এ ব্যাপারে কঠোর অবস্থান নেয়, তাহলে হয়তো এই পাচার অনেকাংশেই রোধ করা সম্ভব। আবার বহুজাতিক কোম্পানিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের (মূল কোম্পানির সঙ্গে সাবসিডিয়ারি কোম্পানির লেনদেন) মাধ্যমে কর ফাঁকি দিয়ে থাকে। ফলে সংশ্লিষ্ট দেশ রাজস্ব থেকে বঞ্চিত হয়।
যেসব দেশ এই টাকা পাচারের সুযোগ দিচ্ছে, ভুক্তভোগী দেশগুলো আন্তর্জাতিকভাবে তাদের চাপ দিতে পারে। আবার জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশসহ সব ভুক্তভোগী দেশ সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক আইন ও কারিগরি সহযোগিতার সুযোগ নিতে পারে। এ ক্ষেত্রে সরকারের নিস্পৃহ থাকার সুযোগ নেই। শুধু দুর্নীতি দমন কমিশন কী করে, সেদিকে তাকিয়ে না থেকে সরকারেরও সক্রিয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।