এ বছর বড় আকারের বন্যা আঘাত হানতে পারে, এমন পূর্বাভাস বেশ আগেই পাওয়া গিয়েছিল, কিন্তু বন্যা মোকাবিলার জন্য সরকারি প্রস্তুতি যথেষ্ট ছিল না। ১৯ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে ২২টি সিদ্ধান্ত গ্রহণ এবং ত্রাণ সাহায্য প্রায় তিন গুণ বাড়ানোর খবরে প্রতীয়মান হচ্ছে, সরকার দেরিতে হলেও বন্যার্তদের দুর্ভোগ লাঘব ও ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রতি অধিকতর মনোযোগী হয়েছে।
যদিও বন্যার পানি নামতে শুরু করেছে, তবু এটা মনে করার সুযোগ নেই যে মানুষ বন্যা থেকে উদ্ধার পেয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্যার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাবগুলো স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। লক্ষ করা দরকার যে সরকারি হিসাবে এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৭ লাখ। ত্রাণ সাহায্য তিন গুণ বাড়ানোর পরও তা ২০ হাজার ৪০০ টন চাল এবং ৬ কোটি ৫৬ লাখ টাকা অতিক্রম করেনি। এত বিপুলসংখ্যক মানুষের জন্য এই ত্রাণ সাহায্য স্পষ্টতই যথেষ্ট নয়।
কিন্তু বরাদ্দের অপ্রতুলতাই শুধু নয়, প্রতিটি দুর্গত পরিবারের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া এক বিরাট চ্যালেঞ্জ। অনেক প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সাহায্য পৌঁছায়নি। এমনকি ঢাকার অদূরে দোহার-নবাবগঞ্জ এলাকার ৬৫ হাজার বন্যাদুর্গত মানুষ এখন পর্যন্ত কোনো ত্রাণ সাহায্য পায়নি বলে ২০ আগস্ট খবর বেরিয়েছে। সুতরাং ত্রাণ সাহায্য বরাদ্দ করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্ব শেষ করার সুযোগ নেই, বরং বরাদ্দকৃত ত্রাণ সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার কাজটি বিশেষ তৎপরতার সঙ্গে করতে হবে। এ ক্ষেত্রে অবহেলা কিংবা সম্ভাব্য অনিয়ম কঠোরভাবে রোধ করতে হবে। খাদ্য ও পানির অভাবে যেন বন্যার্তরা, বিশেষত শিশুরা কষ্ট না পায়, তা নিশ্চিত করা দরকার। পানিবাহিত রোগব্যাধি নিরাময়ের জন্য খাওয়ার স্যালাইনসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া প্রয়োজন।
যাঁরা ঘরবাড়ি হারিয়েছেন, তাঁদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে; প্রয়োজনে ঘরবাড়ি নির্মাণের জন্য অর্থ সাহায্য ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা দরকার, আশ্রয়কেন্দ্র ও খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষ যাতে যথাসম্ভব নিজ নিজ আবাসস্থলে ফিরতে পারেন। কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো রোপা আমন ধান লাগানোর সুযোগ আছে। কৃষকদের ধানবীজ সরবরাহ করা এবং কৃষিঋণের ব্যবস্থা করা প্রয়োজন।
বন্যার্ত মানুষের সংখ্যা বিপুল, সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগেও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংস্থা, সংগঠন, রাজনৈতিক দল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাগরিক সমাজ—সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য।