পানির সংকটে ভুগতে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের ছাত্রীদের বিক্ষোভের ঘটনায় এটা প্রমাণিত হয় যে হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের সমস্যার ব্যাপারে আদৌ সচেতন নয়।
শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, তিন মাস ধরে পানির সমস্যায় ভুগছেন সুলতানা রাজিয়া হলের ছাত্রীরা। কিছুদিন পরপরই তাঁদের হলে পানির সংকট দেখা দেয়। পানি এলেও তা থাকে নোংরা ও বালুযুক্ত। হল প্রশাসনকে বারবার বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। বেশ কয়েকবার তাঁরা আন্দোলনও করেছেন। সব সময় হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরস্পরের ওপর দায় চাপিয়ে ছাত্রীদের আন্দোলন থেকে নিবৃত্ত করেছে। কেউ এ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। বৃহস্পতিবারও সকাল নয়টা থেকে হলে কোনো পানি ছিল না। মাঝে কয়েকবার পানি এলেও তা ব্যবহারের উপযোগী ছিল না। শুক্রবার দুপুর পর্যন্ত একই অবস্থা চলায় প্রায় ৩০০ ছাত্রী হল থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় বাসভবনের সামনের রাস্তায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বোঝাই যাচ্ছে, অনেকটা নিরুপায় হয়েই ছাত্রীরা এ বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। পানির জন্য মরিয়া ছাত্রীরা এ ছাড়া আর কীভাবেই-বা তাঁদের দাবি জানাবেন। তিন মাস ধরে একটি হলের ছাত্রীরা পানির সমস্যায় ভুগছেন। অথচ হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিয়ে কোনোই মাথাব্যথা নেই!
সুলতানা রাজিয়া হলের প্রাধ্যক্ষের বক্তব্য হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল শাখাকে ছয়বার চিঠি দিয়ে সমস্যার বিষয়টি জানানো হয়েছে। এতবার চিঠি দেওয়ার পরও সুলতানা রাজিয়া হলের পানির সমস্যার সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির বিষয়টিই টের পাওয়া যায়। প্রথম আলোর খবর অনুযায়ী, পানির দাবিতে ছাত্রীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে উপাচার্য দ্রুত পানির সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আশা করছি, উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই পানি সমস্যার সমাধান হবে।