পাপোশে ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

নওগাঁয় ক্ষুদ্র জাতিসত্তার নারীদের ভাগ্য বদলে দিয়েছে পাপোশ। পাহান ও ওঁরাও জনগোষ্ঠীর এই প্রান্তিক নারীরা আগে শুধু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। ফলে বছরে ছয় মাসের বেশি কাজ থাকত না। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। স্থানীয় উন্নয়ন সংস্থার কাছ থেকে পাপোশ বোনার প্রশিক্ষণ নিয়ে সারা বছরই আয়ের সংস্থান হচ্ছে তাঁদের। পরিবারেও এখন সচ্ছলতা এসেছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চার বছর আগে মহাদেবপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেয় আরকো নামের স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রশিক্ষণ শেষে পাপোশ বানানো শুরু করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওই নারীরা। পরে তাঁদের কাছ থেকে শিখে আরও অনেকে এ কাজে যুক্ত হন। এখন মহাদেবপুর ও পত্নীতলার বেশ কয়েকটি গ্রামে পাপোশ বানানোর উদ্যোগ ছড়িয়ে পড়েছে।

উন্নয়ন সংস্থাটি মোট ৬৫ জন নারীকে পাপোশ তৈরির প্রশিক্ষণ দিয়েছে। সবচেয়ে আশার কথা, ওই ৬৫ জনের কাছ থেকে কাজ শিখে দুই উপজেলার প্রায় এক হাজার নারী পাপোশ তৈরি করছেন। এ কাজে সম্পৃক্ত নারীরা বাজার থেকে সুতা কেনা থেকে শুরু করে সব কাজ নিজেরাই করেন। প্রান্তিক নারীর ক্ষমতায়নের এ এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ঘরের কাজ শেষ করে অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে ফাঁকে পাপোশ তৈরির কাজ করতে পারেন তাঁরা। তাই আলাদা করে সময় বের করতে হয় না। একজন নারী দিনে তিন থেকে চারটি পাপোশ তৈরি করতে পারেন। সুতা কেনার খরচ বাদ দিয়ে প্রতিটি পাপোশ বিক্রি করে ৪০ থেকে ৪৫ টাকা লাভ থাকে। এতে আয় হয় ১২০–১৮০ টাকা। এই হিসাবে প্রতি সপ্তাহে পাপোশ বিক্রি করে ন্যূনতম আয় হয় ৮৪০ টাকা। মাসে একজন নারীর তিন হাজার টাকার বেশি আয় হয়। বগুড়া ও সান্তাহার থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের কাছ থেকে পাপোশ কিনে নিয়ে যান।

পাপোশ তৈরির সঙ্গে সম্পৃক্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের ভাগ্যবদলের এই দৃষ্টান্ত আশা জাগায়। নারীদের মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা সবচেয়ে অবহেলিত। পাপোশ তৈরির কাজ তাঁদের নুন আনতে পান্তা ফুরানোর সংসারে শুধু সচ্ছলতা আনেনি, বাড়তি এ উপার্জন তাঁদের ক্ষমতায়নও বাড়িয়েছে। তবে শ্রমের মূল্য বিচারে তাঁরা যে মজুরি পান, সেটা কমই। সংশ্লিষ্টদের এ ব্যাপারে নজর দিতে হবে।