পাবনা সরকারি কলেজের একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী কলেজটি আগে পাবনা কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল। গত বছর সরকার এটিকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করা হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক স্তরে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ পড়ানো হয়। কলেজটি যখন কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল, তখন শিক্ষকের পদ ছিল সাতটি। এখনো পদ সাতটিই রয়েছে। পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ছয়জন শিক্ষক। পদের বাইরে ১১ জন শিক্ষক সংযুক্ত থাকলেও তা ভারসাম্য করে করা হয়নি। কোনো বিষয়ের জন্য একাধিক শিক্ষক আছেন, আবার কোনো বিষয়ে একজন শিক্ষকও নেই। অতিথি শিক্ষক দিয়ে এসব বিষয়ের ক্লাস নেওয়া হয়। কিন্তু এই শিক্ষকদের ক্লাসপ্রতি মাত্র ২০০ টাকা দেওয়া হয় বলে ভালো অতিথি শিক্ষকও মিলছে না।

এভাবেই একটি সরকারি কলেজ দিনের পর দিন চলছে। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। এটা শিক্ষার প্রতি সামগ্রিক অবহেলার চিত্রকেই তুলে ধরে। অনেক শূন্যপদ নিয়ে একটি কলেজ চলার অর্থ সেখানকার শিক্ষার্থীদের বঞ্চিত করা। শুধু পাবনা সরকারি কলেজ নয়, শিক্ষকসংকট রয়েছে দেশের অধিকাংশ সরকারি কলেজেই। দেশে শিক্ষার মানের সার্বিক অবনতির পেছনের অন্যতম কারণ হচ্ছে শিক্ষকসংকট। শিক্ষার প্রতি এ ধরনের অবহেলা নিয়ে জাতি হিসেবে আমরা কত দূর এগোব?

প্রথম আলোর খবর অনুযায়ী কলেজে স্নাতক কোর্স চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করে স্নাতক কোর্স চালু করা ঠিক হবে না।

কলেজ প্রশাসন সূত্রের খবর অনুযায়ী শিক্ষকসংকট কাটাতে আগের ৭টিসহ মোট ৬৬ জন শিক্ষকের পদ সৃষ্টির জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করব, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।